'তোমাদের যা বলার ছিল...'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগঠনের রজতজয়ন্তীতে জাতীয় সংগীত গাইছেন প্রজন্ম ’৭১-এর সদস্যরা। গতকাল বিকেলে রায়েরবাজার বধ্যভূমি থেকে তোলা ছবি l প্রথম আলো
সংগঠনের রজতজয়ন্তীতে জাতীয় সংগীত গাইছেন প্রজন্ম ’৭১-এর সদস্যরা। গতকাল বিকেলে রায়েরবাজার বধ্যভূমি থেকে তোলা ছবি l প্রথম আলো

তাঁরা একটি পোস্টার বানিয়েছিলেন। যেটি বিক্রি করে সংগঠন চালানোর খানিকটা খরচ আসবে, পাশাপাশি নিজেদের হৃদয়ের বার্তাও পৌঁছে দেওয়া যাবে দেশের মানুষের কাছে। আলোকচিত্রী আফতাব আহমদের তোলা বধ্যভূমির ছবি ও কবি আসাদ চৌধুরীর কবিতার পঙ্ক্তি—‘তোমাদের যা বলার ছিল, বলছে কি তা বাংলাদেশ’ নিয়ে ছাপা হয়েছিল সেই পোস্টার। কোনো শক্তিমানের অনুকম্পা ছাড়াই ২৫টি বছর পার করেছে সেই সংগঠন প্রজন্ম ’৭১। স্বজন হারানোর ব্যথা নিয়ে একই সঙ্গে হাতে হাত রেখে তাঁদের কেটে গেল এতগুলো বছর।
আজ প্রজন্ম ’৭১-এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল শুক্রবার বিকেলে তাই রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে আবারও এক হয়েছিলেন শহীদদের সন্তানেরা। উপস্থিত ছিলেন মেঘনা গুহঠাকুরতা, তৌহীদ রেজা নূর, শমী কায়সার, অনল রায়হান, তানভীর শোভন হায়দার, আসিফ মুনীর, নুজহাত চৌধুরী, সাইফুদ্দিন আব্বাস, চৌধুরী সুমন জাহিদ, ফাহমিদা খানম প্রমুখ। হাজির হয়েছিলেন বেশ কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ। এসেছিলেন কর্নেল শওকত আলী, আবেদ খান, সারওয়ার আলী, অজয় রায়, আক্কু চৌধুরী, তারেকুজ্জামান রাজীব, সাগর লোহানী। সবাইকে নিয়ে সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের পর ১৯৭১ থেকে এখন পর্যন্ত সব কটি গণতান্ত্রিক আন্দোলনে প্রাণ হারানো মানুষের জন্য এক মিনিট নীরবতা পালন করেন তাঁরা।
কাল আবহাওয়া বড্ড প্রতিকূল ছিল। সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তৌহীদ রেজা নূরের স্বাগত বক্তব্যের মাঝামাঝি শুরু হয় মুষলধারে বৃষ্টি। কাকভেজা হয়ে শহীদদের সন্তানদের দীর্ঘ ২৫ বছরের সংগ্রাম ও যাতনার কথা শুনেছেন অতিথিরা। তৌহীদ রেজা নূর বলেন, ‘এ সংগঠন এমন একটি সময়ে তৈরি, যখন মুক্তিযুদ্ধের কথা বলা যেত না, বঙ্গবন্ধুর কথা বলা যেত না, এমনকি ঘাতকদের বিরুদ্ধে উচ্চস্বরে কথা বলা যেত না। এমন সময়ও এসেছে, যখন ঘাতকেরা বাংলার পতাকাবাহী গাড়িতে করে এ দেশেই ঘুরে বেড়াত।’
সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের যে দাবি তাঁরা উত্থাপন করেছিলেন ১৯৯৩ সালে, সে জন্য পুরো জাতি তাঁদের কাছে কৃতজ্ঞ। কারণ, এই দাবি শুধু তাঁদের একার নয়, ছিল পুরো জাতির। তাঁদের সে দাবির সঙ্গে সেদিন একাত্মতা জানিয়েছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সর্বস্তরের সংস্কৃতিকর্মীরা। সংগঠনটিকে অভিনন্দন জানিয়ে শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী বলেন, ‘আমার সবচেয়ে বড় গৌরবের জায়গা হচ্ছে, শহীদদের সন্তানেরা প্রত্যেকেই কারও সাহায্য ছাড়াই প্রতিষ্ঠিত হয়েছে। তারা নিজেদের আদর্শে অবিচল ছিল।’ মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী বলেন, প্রজন্ম ’৭১ মুক্তিযুদ্ধের পক্ষের একমাত্র অঙ্গীকারবদ্ধ সংগঠন, যেটি বাংলাদেশকে স্বপ্নের বাংলাদেশের পথে এগিয়ে নিয়ে যাবে।
সারা দেশ থেকে আসা প্রজন্ম ’৭১-এর কর্মীদের নিয়ে একটি সিদ্ধান্ত হয়েছে। এই সংগঠনের দাবি, যুদ্ধাপরাধীদের জন্য একটি নির্দিষ্ট কবরখানা তৈরি করতে হবে। সেখানে তাদের অপরাধের কথাও লেখা থাকতে হবে। যুদ্ধাপরাধীদের পরিবার নিজেদের মতো করে অপরাধীদের কবর দিয়ে কবরফলকে শহীদ লিখে রাখবে, তা হবে না। আগামী প্রজন্মের কাছে যেন ইতিহাসকে বিকৃত করে তুলে ধরা না হয়, সে জন্য এ দাবি তুলবেন তাঁরা।
প্রজন্ম ’৭১-এর ময়মনসিংহ, রংপুর, লালমনিরহাট ও সৈয়দপুর শাখার সদস্যরাও এসেছিলেন। অনুষ্ঠানে একক ও সম্মিলিত আবৃত্তি করে কণ্ঠশীলন, ‘ধনধান্য পুষ্পভরা’ গানটি করেন তানিয়া মান্নান, ভূপেন হাজারিকার ‘বিস্তীর্ণ দুপাড়ে, অসংখ্য মানুষের’ গানটি শোনান মো. আরিফ। এ ছাড়া শহীদদের সন্তানদের নিয়ে চলচ্চিত্রকার তারেক মাসুদের লেখা একটি গান গেয়ে শোনান তানভীর আলম।