'তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎসবে মেতে উঠেছেন দাশিয়ারছড়া ছিটমহলের মানুষ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় লোকসভায় বিল পাসের খবর পেয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার এই ছিটমহলের বাসিন্দারা উল্লাস করেন। মুহুর্মুহু করতালি আর ‘তোমার দেশ, আমার দেশ, বাংলাদেশ, বাংলাদেশ’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো ছিটমহল।
পরে স্থানীয় কালিরহাট বাজার থেকে আনন্দ মিছিল বের হয়। ঘণ্টাব্যাপী চলে এই উৎসব। উৎসবে যোগ দেওয়া কৃষক হাবিবুর রহমান (৫৫) প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘এখন আর কেউ ছিটের মানুষ বলতে পারবে না। আমরা বাংলাদেশি।’
লোকসভায় বৃহস্পতিবারই বিলটি পাস হতে পারে—এ খবরে উৎসব করার জন্য মঞ্চ তৈরি করে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির দাশিয়ারছড়া ইউনিট। মিছিল শেষে আলতাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সম্পাদক জাফর আলী।
ছিটমহলের বাসিন্দারা জানান, দীর্ঘদিন থেকে ছিটে দুটি গ্রুপ সক্রিয় ছিল। একটি ছিটমহল ইউনাইটেড কাউন্সিল অন্যটি বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি। ইউনাইটেড ভারতের নাগরিকত্ব চেয়েছিল। এখন সীমান্ত বিল লোকসভায় পাস হওয়ায় ইউনাইটেড কাউন্সিলের লোকজন হুমকির মুখে আছেন বলে অভিযোগ করেন কাউন্সিলের দাশিয়ারছড়া ছিটের সভাপতি মিজানুর রহমান।
ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, ‘আমি বাড়ি বাড়ি গিয়ে সবাইকে শান্ত রাখার চেষ্টা করছি। আশা করি অপ্রীতিকর পরিস্থিতি হবে না।’ বিকেলে ছিটমহলে দেখা হয় কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিনের সঙ্গে। তিনি জানান, ছিটের শান্তি বজায় রাখতে পুলিশ পরিস্থিতির ওপর নজর রাখছে।