'তোর বাবা আসবে, কবে আসবে জানি না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেড়িবাঁধের পাশে ছোট্ট মাটির ঘর। ঘরের সামনে উঠান। সেখানে খেলছে চার শিশু। তাদের একজন চার বছরের রাকিব মিয়া। সে তার মা আফসারা বেগমের কাছে একের পর এক প্রশ্ন করে যাচ্ছে, ‘বাবা কই? বাবা কই?’ মা বেশ বিরক্ত হয়ে উত্তর দেন, ‘তোর বাবা আসবে। কবে আসবে জানি না।’
শুধু রাকিব নয়, তার তিন ভাই ইউনুস মিয়া (৮), ইলিয়াছ মিয়া (১০) ও শাকিব মিয়া (৬) দুই মাস ধরে তাদের বাবাকে খুঁজছে। গত মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম গণ্ডামারা গ্রামের বেড়িবাঁধের পাশের চরপাড়ার বাড়িতে কথা হয় আফসারা বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘অবুঝ চার সন্তানের প্রশ্নের জবাব দেব, নাকি সংসার চালাব। উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছি।’ চার শিশুর বাবা লবণমাঠের শ্রমিক জাকের আহমেদ দুই মাস আগে গুলিতে নিহত হন।
গত ৪ এপ্রিল বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের হাদিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পক্ষে-বিপক্ষের লোকজনের ডাকা সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় বাঁশখালী থানায় তিনটি মামলা করা হয়। এর মধ্যে দুটি হত্যা মামলা করেন নিহত দুজনের স্বজনেরা। এ ছাড়া পুলিশের ওপর হামলার ঘটনায় আরেকটি মামলা হয়। একটি হত্যা মামলায় বিদ্যুৎকেন্দ্রবিরোধী সংগঠন ‘বসতভিটা ও গোরস্থান রক্ষা কমিটি’র আহ্বায়ক লিয়াকত আলীসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। আরেকটি হত্যা মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। পুলিশের ওপর হামলার মামলায় ৫৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা তিন সহস্রাধিক ব্যক্তিকে আসামি করা হয়।
ঘটনার পর চট্টগ্রাম জেলা প্রশাসনের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি গত ৯ মে চট্টগ্রামের জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনে ঘটনার উসকানি দেওয়ার জন্য বসতভিটা রক্ষা কমিটির আহ্বায়ক লিয়াকত আলীকে অভিযুক্ত করা হয়। তবে কার গুলিতে চারজন নিহত হয়েছেন, তা চিহ্নিত করা যায়নি।
অপরদিকে পুলিশের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি ৩০ মে প্রতিবেদন জমা দেয়। জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান বলেন, দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। কার গুলিতে চারজন মারা গেছেন, তা জানা যায়নি। উসকানি দিয়ে এ ঘটনা ঘটানোর জন্য লিয়াকতকে দায়ী করা হয়েছে।
মামলার অগ্রগতি জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন মঙ্গলবার প্রথম আলোকে বলেন, তদন্ত অব্যাহত আছে। কার গুলিতে চারজন মারা গেছেন, তা এখনো শনাক্ত করা যায়নি।
একটি হত্যা মামলার বাদী ও নিহত মতুর্জা আলীর বড় ভাই বশির আহমেদ বলেন, ঘটনার পর পুলিশ কিংবা তদন্ত কমিটির কেউ এখন পর্যন্ত তাঁর সঙ্গে যোগাযোগ করেননি। তিনি বলেন, ঘটনার পরপরই সন্দেহভাজন ছয়জনের নাম তিনি পুলিশকে জানান। তাঁর দাবি, ওই ছয়জনকে না ধরে পুলিশ নিরীহ লোকজনকে হয়রানি করছে।
নিহত মতুর্জা আলীর বড় ছেলে মো. মানিক বলেন, ‘পুলিশের গুলিতে বাবাকে হারিয়েছি। আর পুলিশের ওপর হামলার মামলায় আমাকে আসামি করা হয়েছে। এ কারণে ঘর থেকে বেরও হতে পারছি না।’ তিনি বলেন, ‘বাবাকে গুলি করে পুলিশ একবার নির্যাতন করেছে, আবার আমাকে আসামি করে দ্বিতীয়বার নির্যাতন করছে।’
বসতভিটা ও গোরস্থান রক্ষা কমিটির আহ্বায়ক লিয়াকত আলী মুঠোফোনে প্রথম আলোর কাছে দাবি করেন, পুলিশের গুলিতেই চার গ্রামবাসী নিহত হয়েছেন। পুলিশ নিজেদের অপরাধ আড়াল করতে নিরীহ গ্রামবাসীকে হয়রানি করছে। তবে লিয়াকতের এ অভিযোগ অস্বীকার করেন বাঁশখালী থানার ওসি।
এদিকে গণ্ডামারায় সংঘর্ষের ঘটনার পর থেকে গত বুধবার পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ২১ জনকে। তাঁদের মধ্যে ১৪ জন জামিনে রয়েছেন বলে পুলিশ জানায়।