'তোফায়েল, আমু ও ইনুর ষড়যন্ত্রের জালে আটকা পড়েছেন শেখ হাসিনা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গতকাল সোমবার ছাত্রদলের ডাকা হরতাল ও ১৮ দলের অবরোধ ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। নগরজীবন প্রায় স্বাভাবিক ছিল। দূরপাল্লার কোনো যানবাহন চলাচল না করলেও সকাল থেকে নগরে বাস চলাচল করে। চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠা-নামাও হয়েছে।
এদিকে হরতাল-অবরোধে নগরজুড়ে নিরাপত্তা জোরদার করে পুলিশ ও র‌্যাব। নগরের বিভিন্ন মোড়ে ছিল পুলিশের টহল। প্রস্তুত ছিল ছয় প্লাটুন বিজিবিও।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, ‘হরতাল-অবরোধে নগরে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নগরে প্রায় দুই হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।’
বিএনপির সভা: গতকাল সকালে নগরের নূর আহমেদ সড়কে মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, ‘৫ জানুয়ারির ভোটারবিহীন ও প্রার্থীবিহীন প্রহসনের নির্বাচনে কোনো বিদেশি পর্যবেক্ষক আসবেন না। জনগণ ইতিমধ্যে একদলীয় নির্বাচন প্রত্যাখ্যান করেছে, যার কারণে ১৫৬টি আসনে কোনো প্রতিদ্বন্দ্বী নেই। লোকলজ্জার ভয়ে আওয়ামী লীগ স্বীকার না করলেও প্রহসনের এ নির্বাচন তাদের জন্যও বিষফোড়া হয়ে দাঁড়িয়েছে। তোফায়েল, আমু ও হাসানুল হক ইনুর ষড়যন্ত্রের কারেন্ট জালে আটকা পড়েছেন শেখ হাসিনা।’
নগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসাইন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক আবদুস সাত্তার, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী আকবর প্রমুখ।
সকাল আটটায় নগরের কাজীর দেউড়ি মোড় থেকে আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে অবরোধের সমর্থনে মিছিল বের করে চট্টগ্রাম মহানগর বিএনপি। মিছিলটি নূর আহমেদ সড়ক, লাভলেইন, জুবিলী রোড ও এনায়েতবাজার মোড় প্রদক্ষিণ করে নূর আহমেদ সড়কে এসে সমাবেশে মিলিত হয়।
এদিকে ছাত্রদলের নেতা-কর্মীদের ‘গণহারে’ গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল দুপুরে নগরের নূর আহমেদ সড়কে মহানগর ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি মাইনুদ্দিন মোহাম্মদ শহীদের সভাপতিত্বে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেন, ‘সরকার নীলনকশার নির্বাচনে ছাত্রদলকে মূল প্রতিবন্ধকতা মনে করছে। তাই গণহারে ছাত্রদলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করে একদলীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা চালাচ্ছে।’
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ছাত্রদলের নেতা এস এম সালাউদ্দিন, কামরুল ইসলাম, আমিনুল ইসলাম, জসিম উদ্দীন চৌধুরী, জিয়াউর রহমান, মোশারফ হোসেন, জমির উদ্দীন, একরামুল হক, শাহীন কবির, গোলজার হোসেন, জায়েদ বিন রশীদ, শেখ রাসেল, সেলিম উদ্দীন, আবু বক্কর, মহসিন ও আলমগীর।