'তোমরা দিয়ে নিয়ো আমাদের ভোট দিতে হবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল সাড়ে নয়টা থেকে নুরুল আমিন (৩২) সারিতে দাঁড়িয়েছেন। সাড়ে ১০টায় বুথের কাছে যান, অনেক খোঁজাখুঁজির পরও নিজের ভোটার ক্রমিক নম্বর বের করতে পারেননি এজেন্টসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। আধা ঘণ্টা পর বেলা ১১টায় বুথ থেকে বের হয়ে যান নুরুল আমিন।
পরে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমদ আলী কেন্দ্রে ঢোকার সময় নুরুল আমিনের কাছে জিজ্ঞেস করেন, ভোট দিয়েছেন কি না? নুরুল আমিন প্রত্যুত্তরে ক্ষোভের সঙ্গে বলেন, ‘আমাদের ভোট দিতে হবে না, তোমরা দিয়ে নিয়ো।’
পরে এ প্রতিবেদক নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমদ আলীর সঙ্গে কেন্দ্রে ঢুকে দেখতে পান নুরুল আমিনের ভোট আগেই দেওয়া হয়ে গেছে। এভাবে আলী ফকির ডেইল দক্ষিণ ধুরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় নামের ওই কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থকেরা ৪৬টি ব্যালটে জোরপূর্বক সিল মেরেছে এবং ১৯৫৯৪ নম্বরের ব্যালট পেপারের মুড়িটি ছিনিয়ে নিয়ে গেছে।
বিষয়টি স্বীকারও করেন প্রিসাইডিং কর্মকর্তা এস এম সাইফুল ইসলাম। বেলা ১২টায় গোলযোগের অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমদ আলী ওই কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক স্থগিত করেন।