'তোমরা ১৮ বছরের আগে কেউ বিয়ে করবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার থেকে দুদিনব্যাপী সুবর্ণজয়ন্তী উৎসব শুরু হয়েছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বিকেলে উৎসবের উদ্বোধন করেন।
গতকাল বেলা তিনটায় রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে উৎসবকে ঘিরে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা ১৮ বছরের আগে কেউ বিয়ে করবে না। বর্তমান সরকার নারীদের অগ্রাধিকার দিচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী, সংসদের উপনেতা, স্পিকার, বিরোধী দলের নেতাসহ দেশে গুরুত্বপূর্ণ স্থানে নারীরা রয়েছেন। তোমাদেরও সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের ও দেশের জন্য কাজ করতে হবে। ৮ মার্চ নারী দিবসে বিমান চালিয়ে ঢাকা-সিলেট ঘুরেছেন নারীরা।’
রাঙামাটির জেলা প্রশাসক মো. মানজারুল মান্নানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রাঙামাটির সাংসদ উষাতন তালুকদার, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম, সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, রাঙামাটি জেলার পুলিশ সুপার মো. সাঈদ তারিকুল হাসান, রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সরিৎ কুমার চাকমা প্রমুখ।
উষাতন তালুকদার বলেন, পার্বত্য চট্টগ্রাম এখনো নানা সমস্যায় জর্জরিত। এত সমস্যার মধ্যে সুষ্ঠু শিক্ষা গ্রহণ করা সম্ভব নয়।
উৎসব ঘিরে গতকাল বেলা ১১টায় বিদ্যালয়ের মাঠ প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে। বহু বছর পর পুরোনো বান্ধবীর দেখা পেয়ে আবেগতাড়িত হয়ে পড়েন অনেকে। প্রাক্তন শিক্ষার্থী জোনাকি চাকমা ও আসমা আক্তার বলেন, ‘আমরা ৩০ বছর আগে এই বিদ্যালয় থেকে বেরিয়ে গেছি। সুবর্ণজয়ন্তী উৎসবে এসে খুবই আনন্দ লাগছে। সবাই মিলে পুরোনো দিনের স্মৃতিচারণা করছি।’
সকাল সাড়ে ১০টায় সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। দোয়েল চত্বর, চেম্বার অব কমার্স ভবন এলাকা, পুরোনো হাসপাতাল সড়ক, জেল রোড, তবলছড়ি এলাকা ঘুরে রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এসে শেষ হয় শোভাযাত্রাটি। প্রায় পৌনে এক ঘণ্টাব্যাপী শোভাযাত্রায় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ শনিবার উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমার।