‘স্টেডিয়ামে গিয়ে কী করব? যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এখন আমাদের কাজ কী? দেশের জন্য এখন তোমরাই কাজ করবে। এ জন্য ফিরে এসেছি।’গতকাল মঙ্গলবার স্বাধীনতা দিবসের কর্মসূচিতে পৌঁছাতে না পেরে ফেরার পথে এভাবেই কথা বলছিলেন বান্দরবানের প্রবীণ মুক্তিযোদ্ধা ইউ কে সিং (উক্যসিং মারমা) বীর বিক্রম। রিকশায় অথবা টমটমে (অটোরিকশা) চড়ার টাকা নেই। তাই তিনি প্রায় তিন কিলোমিটার দূরে জেলা শহরের লাঙ্গিপাড়া থেকে লাঠিতে ভর করে হাঁটতে হাঁটতে স্বাধীনতা দিবসের কর্মসূচিতে স্টেডিয়ামে যাচ্ছিলেন। কিন্তু শরীরের শক্তি-সামর্থ্যে কুলিয়ে উঠতে না পেরে মাঝপথ থেকে ফিরে এসেছেন।ইউ কে সিং শুধু বান্দরবানের নন, তিন পার্বত্য জেলায় আদিবাসী মুক্তিযোদ্ধাদের মধ্যে একমাত্র বীর বিক্রম উপাধিপ্রাপ্ত। ৭৮ বছর বয়সে তাঁর এই আমন্ত্রণ পাওয়াটাও একধরনের বিড়ম্বনার মতো হয় বলে জানিয়েছেন ইউ কে সিং। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার কথা শুনলে না গিয়ে থাকা যায় না। গেলেও পায়ে হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এ-জাতীয় দিবসগুলোতে প্রবীণ মুক্তিযোদ্ধাদের কর্মসূচিতে যাওয়া-আসার জন্য গাড়ির ব্যবস্থা করে দিলে কী ক্ষতি হতো?’ ১৯৮২ সালে বিজিবি থেকে অবসর নেওয়ার পর অভাব-অনটনের মধ্যে দিন যাপন করছেন। সেনাবাহিনী ও জেলা পরিষদের নির্মাণ করে দেওয়া বাড়িতে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে তিনি লাঙ্গিপাড়ায় বসবাস করেন।বান্দরবান জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম বলেছেন, বয়সের ভারে তেমন চলাফেরা করতে পারেন না। ছেলেমেয়েরা কেউ প্রতিষ্ঠিত না হওয়ায় ইউ কে সিং শুধু অবসর ভাতার ওপর নির্ভর করে আর্থিক সংকটে পড়েছেন।জেলা পরিষদ সূত্রে জানা যায়, সন্ধ্যায় মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের জন্য সংবর্ধনার আয়োজন করা হয়েছে। ওই সংবর্ধনা অনুষ্ঠানেও তাঁদের যাওয়া-আসার জন্য যানবাহনের কোনো ব্যবস্থা রাখা হয়নি বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।