‘তোমাকে আমি ভালোবাসি, আমার সঙ্গে চলো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চর আদর্শ কলেজের এক এইচএসসি পরীক্ষার্থীকে মারধর করেছে এক বখাটে। এতে মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়েছে।মেয়েটির পরিবার, এলাকাবাসী ও কলেজ সূত্রে জানা গেছে, গত সোমবার কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে যোগ দিতে মেয়েটি চরটেকি গ্রামের নিজ বাড়ি থেকে কয়েকজন সহপাঠীর সঙ্গে কলেজের যাচ্ছিল। পথে একই গ্রামের বখাটে নীরব মিয়া (২৫) মেয়েটির গতিরোধ করে। নীরব মেয়েটিকে বলে, ‘তোমাকে আমি ভালোবাসি, আমার সঙ্গে চলো।’ এরপর মেয়েটিকে জোর করে নিজ বাড়ির বৈঠকখানায় নিয়ে যায় সে। মেয়েটি ছুটে আসার চেষ্টা করলে সে মেয়েটিকে কিল-ঘুষি মারতে থাকে। এ পর্যায়ে মেয়েটির সহপাঠীরা চিৎকার দিয়ে ওঠে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সে মেয়েটিকে ছেড়ে দিয়ে পালায়।এলাকার লোকজন ঘটনাটি কলেজ কর্তৃপক্ষকে জানায় এবং এর বিচার দাবি করে। কলেজ কর্তৃপক্ষ ঘটনাটি উপজেলা প্রশাসনকে অবহিত করে।নীরব পলাতক থাকায় এ ব্যাপারে তার বক্তব্য পাওয়ার যায়নি।গতকাল মঙ্গলবার মুঠোফোনে মেয়েটির চাচি জানান, মারধরে মেয়েটি অসুস্থ হয়ে পড়েছে। বাড়িতে তার চিকিৎসা চলছে। মানসিকভাবে ভেঙে পড়ায় তার পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।মেয়েটির সহপাঠীরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে। কিন্তু ঘটানার পর চরটেকি গ্রামের একটি প্রভাবশালী মহল ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে বলে জানা গেছে।কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান জানান, ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে। ছাত্রীটির পরিবারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া না হলে তাঁরা পুলিশের সহযোগিতা নেবেন।জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. তৌফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে গতকাল মেয়েটির বাড়িতে গিয়ে সান্ত্বনা দিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছি। প্রয়োজনে তাদের সহযোগিতা দেওয়া হবে।’ ইউএনও লুৎফুন্নাহার প্রথম আলোকে বলেন, ‘রাতে খবর পেয়েছি। ১২ ঘণ্টা পার হওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসাতে পারিনি। তবে কলেজ কর্তৃপক্ষ ও অভিভাবককে থানায় মামলা করতে বলেছি।’পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন জানান, মামলা করা হলে অবশ্যই আসামিকে গ্রেপ্তার করা হবে।