‘তোমাদের কারণে সকলে এখন কাঠগড়ায়’
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী বলেছেন, সাংবাদিকদের বাড়াবাড়ির কারণে দোররার আঘাতে নিহত কিশোরী হেনা আক্তারের বিষয়টি নিয়ে প্রতিনিয়ত তাঁকে জবাবদিহি করতে হচ্ছে। সাংবাদিকদের কারণে সবাই এখন কাঠগড়ায়। সাংবাদিকেরা যা খুশি তা লিখছেন বলে অভিযোগ করেন তিনি।গতকাল বৃহস্পতিবার নড়িয়া উপজেলার চামটা গ্রামে কিশোরী হেনার কুলখানি অনুষ্ঠান শুরুর আগ মুহূর্তে প্রথম আলোর এই প্রতিনিধির উদ্দেশে ডেপুটি স্পিকার এ কথা বলেন। হেনা নিহত হওয়ার ৪৫ দিন পর তার রুহের মাগফিরাত কামনায় গতকাল বেলা তিনটার দিকে পরিবারের পক্ষ থেকে কুলখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় ডেপুটি স্পিকার হেনাদের বাড়িতে প্রবেশ করেই প্রথম আলোর এই প্রতিনিধিকে খোঁজ করেন। সামনে এলে তিনি জিজ্ঞাসা করেন, ‘আবুল মকসুদকে এখানে কে এনেছিল। সে সাঁকোর কথা লিখেছে কেন। গ্রামে তো সাঁকো থাকবেই। সে হেলিকপ্টারে আসতে পারল না। তুমি ওনাকে নিয়ে এসেছ। হেনার ঘটনাটি উনি বাড়িয়ে লিখেছেন। তুমি আবুল মকসুদের লেখার প্রতিবাদ করোনি কেন? তোমার পত্রিকায় তোমাকেই প্রতিবাদ লিখতে হবে।’ডেপুটি স্পিকার উত্তেজিত কণ্ঠে বলেন, ‘তোমাদের হাতে কলম ধরিয়ে দেওয়া হয়েছে। তোমরা যা খুশি তা-ই লিখছ।’প্রথম আলোর এই প্রতিনিধিকে তিনি বলেন, ‘তুমি হেনার ঘটনা নিয়ে অতিরিক্ত লেখালেখি করেছ। প্রকৃত ঘটনা তুমি তুলে ধরোনি। তুমি মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেছ। পুলিশের সমালোচনা করো, প্রশাসনের সমালোচনা করো, রাষ্ট্রের সমালোচনা করো, আবুল মকসুদের সমালোচনা কেন করো না।’ডেপুটি স্পিকার বলেন, ‘তোমাদের কারণে সকলে এখন কাঠগড়ায়। সাংবাদিকদের বাড়াবাড়ির কারণে প্রতিনিয়ত এ বিষয়টি নিয়ে আমাকে জবাবদিহি করতে হচ্ছে।’বিষয়টি নিয়ে প্রথম আলো কার্যালয়ে কথা বলার অনুরোধ করলে ডেপুটি স্পিকার উত্তেজিত হয়ে পড়েন।এ সময় হেনার বাবা দরবেশ খাঁ ও পরিবারের সদস্যসহ শতাধিক লোক সেখানে উপস্থিত ছিলেন। ডেপুটি স্পিকারের এমন আচরণে উপস্থিত সবাই হতবাক হয়ে পড়েন। ডেপুটি স্পিকারের এমন বক্তব্য ও আচরণ সম্পর্কে গতকাল রাতে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।পরে মিলাদ শুরু হলে ডেপুটি স্পিকার শওকত আলী সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ২৫ হাজার টাকার একটি চেক হেনার বাবা দরবেশ খাঁর হাতে তুলে দেন। মোনেম গ্রুপের পক্ষে ডেপুটি স্পিকারের জামাতা মো. ইউসুফ আলী ৫০ হাজার টাকার চেক তুলে দেন। কান্নায় ভেঙে পড়েন হেনার বাবা, মা ও পরিবারের অন্য সদস্যরা। প্রসঙ্গত, ২৩ জানুয়ারি রাতে চাচাতো ভাই মাহাবুব খান কিশোরী হেনাকে ধর্ষণ করে। পরের দিন সালিস বসিয়ে হেনা ও মাহাবুবকে দোররা মারার ফতোয়া দেয় সমাজপতিরা। ৬০-৭০টি দোররার আঘাতে অচেতন হয়ে পড়ে হেনা। ৩১ জানুয়ারি রাতে হেনার মৃত্যু হয়। এ ঘটনায় ২ ফেব্রুয়ারি প্রথম আলোতে ‘মেয়েটির জন্য কারও মায়া হলো না!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সহসভাপতি সীমা জহুর। দোররা মারার ফলে হেনার মৃত্যুর ঘটনা এবং তা প্রতিরোধে এর আগে দেওয়া রায়ের আলোকে স্থানীয় প্রশাসন কী পদক্ষেপ নিয়েছিল, তা জানতে চান আদালত।হেনার মৃত্যুতে ১৮ জনের বিরুদ্ধে নড়িয়া থানায় হত্যা মামলা করেন তার বাবা। পরে মামলার এজাহার ও ময়নাতদন্তের প্রতিবেদন নিয়ে প্রশ্ন উঠলে ৭ ফেব্রুয়ারি হাইকোর্টের একই বেঞ্চ হেনার লাশের পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেন এবং ময়নাতদন্ত সম্পন্নকারী চার চিকিৎসক ও হেনা হত্যা মামলার এজাহার নথিভুক্তকারী এবং মামলার তদন্তের দায়িত্ব পাওয়া নড়িয়া থানার দুই কর্মকর্তাকে আদালতে তলব করেন। পুনরায় ময়নাতদন্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা হেনার শরীরের ১৬টি স্থানে আঘাতের চিহ্ন পান। এরপর হেনার ময়নাতদন্ত সম্পন্নকারী চার চিকিৎসক ও দুই পুলিশ কর্মকর্তার কোনো গাফিলতি রয়েছে কি না, তা তদন্ত করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর চার চিকিৎসক ও দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করছে।