‘তোর শোকে কেঁদে ওঠে শহর আমার’ গানের সঙ্গে আবেগ যেন উথলে উঠছিল নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে। বেদনা রূপ নিচ্ছিল ক্ষোভে।
নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানভীর মুহামঞ্চদ ত্বকী হত্যার বিচারের দাবিতে গতকাল শুক্রবার অনুষ্ঠিত সন্ত্রাসবিরোধী কনসার্ট সাজানো হয়েছিল এমন সব গানে।
কনসার্টে সংগীত পরিবেশন করেন ঢাকা ব্যান্ডের মাকসুদ, গানের দল সম্গীত, গায়েন, জলচ্ছবি ও চিৎকারের শিল্পীরা। আবৃত্তি করেন কণ্ঠমালা ও সম্গীতের সদস্যরা।
কনসার্টের আগে চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ হয়। সেখানে সাবেক সাংসদ ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক এস এম আকরাম হতাশা প্রকাশ করে বলেন, ‘শেখ হাসিনার সরকারের আমলে ত্বকী হত্যার বিচার হবে না। নারায়ণগঞ্জের প্রতিটি মানুষ জানে ত্বকীকে কারা হত্যা করেছে, জানে না শুধু পুলিশ। পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না।’ আকরাম আরও বলেন, ‘নারায়ণগঞ্জের একটি চিহ্নিত পরিবার চাঁদাবাজি, সন্ত্রাস ও ভূমি দখল করে যাচ্ছে। এই পরিবারের বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ করে কিছুই হয় না। এ ব্যাপারে আমরা হতাশ, জাতিও হতাশ।’ দুর্বৃত্তদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা মনজুরুল আহসান খান বলেন, ‘খুনিরা রফিউর রাব্বি (ত্বকীর বাবা) ও তাঁর পরিবারকে তিলে তিলে হত্যার উদ্দেশ্যেই ত্বকীকে হত্যা করেছে। দীর্ঘদিন জমে থাকা প্রতিহিংসার প্রতিশোধ নিয়েছে তারা।’
বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে সিপিবির সাবেক এই সভাপতি বলেন, ‘ত্বকী, বিশ্বজিৎ ও তাজুলকে যারা হত্যা করেছে, তারাই এখন ক্ষমতায়। এটি একটি বাটারবন সরকার। এই সরকারের ওপরে আমেরিকা, ভারত, বিশ্বব্যাংক, আইএমএফ। আর নিচে শামীম ওসমানের মতো সন্ত্রাসীরা। আর মাঝখানে ক্রিমের মতো আছে শেখ হাসিনা ও খালেদা জিয়া।’
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘ত্বকীর মতো ছেলেকে হত্যা করা হলো। এর বিচার হচ্ছে না। স্বাধীনতাবিরোধীদের বিচার কীভাবে করবেন? পারবেন না।’
সভাপতির বক্তব্যে রফিউর রাব্বি অভিযোগ করেন, ‘নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে বসে শামীম ওসমানের অনুগত কয়েকজন সাংবাদিক কল্পকাহিনি লিখে ত্বকী হত্যা নিয়ে অপপ্রচার চালাচ্ছেন। গডফাদারদের সুবিধাভোগী কিছু সাংবাদিক ও আইনজীবী আছেন, যাঁরা ওসমান পরিবারকে ঐতিহ্যবাহী পরিবার হিসেবে প্রতিষ্ঠিত করার ঠিকাদারি নিয়েছেন। এই পরিবারের লোকজন উত্তরাধিকারসূত্রে চাঁদাবাজ ও খুনি পরিবার।’
রফিউর রাব্বি জনগণকে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা ক্ষমতার পটপরিবর্তনের জন্য আন্দোলন করছি না, সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করছি। কথা দিলাম, আপনাদের জন্য সঠিক ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে দিয়ে যাব।’
সমাবেশে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কবি হালিম আজাদ ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ।