'তোরা আঁর মানিকেরে কাছে আনি দে'
‘চোখের সামনে দিই আর মানিক আঁডি যাই আগুনে হুড়ি অঙার অই গেছে। আঁর মানিকের দুগা মাইয়্যারে কে দেইখবো রে। তোরা আঁর মানিকেরে কাছে আনি দে।’ গতকাল মঙ্গলবার এভাবেই বুকফাটা আর্তনাদ করছিলেন হরতালে জামায়াত-শিবিরের কর্মীদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া বাসচালক নজরুল ইসলাম ভূঁইয়ার মা ফুলবানু (৬০)।
গত বৃহস্পতিবার সকালে জামায়াতের হরতাল চলাকালে গাজীপুর চৌরাস্তাসংলগ্ন স্থানে যাত্রীবাহী বাসে শিবিরের কর্মীরা আগুন দিলে এর চালক নজরুল ইসলাম ভূঁইয়ার (৩৫) শরীরের বেশির ভাগই পুড়ে যায়। টানা চার দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত সোমবার ভোরে তিনি মারা যান।
নজরুলের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা গ্রামে। গতকাল সকালে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। গতকাল নজরুলদের বাড়িতে ঢুকতেই টিনের ঘরের ভেতর থেকে নজরুলের মা ফুলবানু ও স্ত্রী ছাবিনা আক্তারের আহাজারির শব্দ ভেসে আসে। কাঁদতে কাঁদতে কয়েক দিনে মা ও স্ত্রীর চোখের পানিও যেন শুকিয়ে গেছে।
ছাবিনা আক্তার বলেন, ‘ঘটনার দিন সকাল ছয়টার দিকে বাসা থেকে বের হন তিনি। আধ ঘণ্টা পরই খবর পাই, শিবিরের
লোকেরা তাঁর শরীরে আগুন ধরিয়ে দিয়েছে। এ সময় হাতে-পায়ে ধরে সন্তানদের জন্য নিজের জীবন ভিক্ষা চেয়েও পাননি তিনি।’ তিনি প্রশ্ন করেন, এমন নৃশংসভাবে মানুষ হত্যা করার হরতাল কেন? কে নেবে তাঁর ও দুই সন্তান নিগার ও মীমের ভরণপোষণের দায়িত্ব?
ছাবিনা আরও বলেন, স্বামীর পৈতৃক সম্পত্তি বলতে তেমন কিছুই নেই। দুই সন্তানকে নিয়ে কোথাও দাঁড়ানোরও জায়গা নেই তাঁর।
নজরুলের বড় ভাই ফিরোজ আলম ভূঁইয়া জানান, যে বাসটি পুড়িয়ে দেওয়া হয়েছে, সেটি তিনিই কিনে দিয়েছিলেন ছোট ভাইকে। গাজীপুর চৌরাস্তায় শিবিরের কর্মীরা তাঁর ভাই নজরুল ইসলামের শরীরে এবং বাসে গান পাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দেন।
নোয়াখলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইব্রাহিম খলিল জানান, নজরুল খুবই শান্ত প্রকৃতির লোক ছিলেন। সবার সঙ্গে মিলেমিশে থাকতেন। তাঁর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো ইউনিয়নের মানুষ শোকাহত।