‘তোরা ছোট জাতের লোক, বেরিয়ে যা...’
‘তোরা ছোট জাতের লোক। এত বড় অনুষ্ঠানে তোদের মানায় না। গণ্যমান্য ব্যক্তিরা এ অনুষ্ঠানে অতিথি থাকবেন। তোরা অনুষ্ঠান থেকে বের হয়ে যা।’ এসব কথা বলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে প্রধান শিক্ষক ও অন্য শিক্ষকেরা এলাকার দলিত সম্প্রদায়ের ৭০ জন শিক্ষার্থীকে বের করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ২৯ মার্চ যশোরের মনিরামপুর উপজেলার ভোজগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষকদের এই বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে দলিত সম্প্রদায়ের অভিভাবকেরা তাঁদের সন্তানদের বিদ্যালয়ে পাঠানো বন্ধ করে দিয়েছেন এবং ঘটনার বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেছেন। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ওই বিদ্যালয়ের দলিত সম্প্রদায়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ে যায়নি।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে ভোজগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হয় ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের। ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার দোহাই দিয়ে প্রধান শিক্ষক আবদুল আজিজ ও অন্য শিক্ষকেরা দলিত সম্প্রদায়ের ৭০ জন শিক্ষার্থীকে অনুষ্ঠানে যোগ দিতে নিষেধ করেন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবদুল মাজেদ ও ভোজগাতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রাজ্জাক। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র রামপ্রসাদ দাস বলে, ‘হেড স্যার আমাদের সম্প্রদায়ের শিক্ষার্থীদের আলাদাভাবে ডেকে নিয়ে বলেন, “অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিরা আসবেন। তাই তোমাদের এখানে থাকার প্রয়োজন নেই”।’ রামপ্রসাদ আরও বলে, ‘আমরা অনুষ্ঠানস্থল ছাড়তে না চাইলে হেড স্যার আমাদের ধমক দিয়ে বলেন, “তোরা ছোট জাতের লোক, এ অনুষ্ঠানে থাকলে আমার সম্মানহানি হবে”।’ তৃতীয় শ্রেণীর ছাত্রী ঋতুপর্ণার বাবা দিলীপ দাস বলেন, ‘শিক্ষকদের এই বৈষম্যমূলক আচরণের যত দিন পর্যন্ত সুষ্ঠু বিচার না হবে, তত দিন আমাদের (দলিত) কোনো ছেলেমেয়েকে স্কুলে পাঠাব না।’ অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক আবদুল আজিজ বলেন, ‘ওরাও (দলিত সম্প্রদায়ের শিক্ষার্থী) আমার সন্তানের মতো। সামান্য বিষয় নিয়ে ওরা খুব বেশি বাড়াবাড়ি করছে।’ দলিত সম্প্রদায়ের সংগঠন পরিত্রাণ-এর সমন্বয়ক বিকাশ দাস বলেন, ‘ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আমরা সেখানে গিয়েছি এবং অভিযোগের সত্যতা পেয়েছি। প্রশাসন ব্যবস্থা না নিলে প্রয়োজনে আন্দোলন কর্মসূচি ঘোষণা করব।’ স্থানীয় ভোজগাতী ইউপির চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, ‘দলিতরা বিষয়টি আমাকে জানিয়েছে। আমি মীমাংসার চেষ্টা করছি।’ এ ঘটনায় অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম। মনিরামপুরের ইউএনও মল্লিক আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনা সত্য হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব।’ উপজেলা চেয়ারম্যান স্বপন ভট্টাচার্য বলেন, ‘বিষয়টি আমি জানি না। তবে ওই দিন অনুষ্ঠানে আমি দলিত সম্প্রদায়ের কোনো শিক্ষার্থীকে উপস্থিত দেখিনি। অভিযোগ সত্য হলে অবশ্যই দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’