'ত্বকী হত্যার বিচার বন্ধে অঘোষিত ইনডেমনিটি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচারহীনতার দ্বিতীয় বছরে বিক্ষোভ মিছিল’—এই ব্যানারে গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ নগরের ২ নম্বর রেলগেট এলাকার সৈয়দ আলী চেম্বারের সামনের রাস্তায় সমাবেশ করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।
সমাবেশে ঐক্য ন্যাপের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য বলেন, ‘খুনি খন্দকার মোশতাক সরকার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার বন্ধের জন্য ইনডেমনিটি আইন করেছিল। এখন পরিস্থিতি দেখে মনে হচ্ছে, বর্তমান সরকার ত্বকী হত্যাকাণ্ডের বিচার বন্ধে অঘোষিত ইনডেমনিটি জারি করেছে। ত্বকীর খুনি নরপশুদের বিচার না হলে নারায়ণগঞ্জ পশুদের রাজত্বে পরিণত হবে।’
সমাবেশে অর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, নারায়ণগঞ্জের আওয়ামী লীগের নেতা-কর্মীরাও ত্বকী হত্যাকাণ্ডের বিচার চান, সেখানে বিচার করতে সরকারের বাধা কোথায়। নারায়ণগঞ্জে ওসমান পরিবার ক্ষমতার দাপটে খুনি উৎপীড়কদের একটি অন্ধকার জগৎ গড়ে তুলেছে। প্রধানমন্ত্রী সংসদে ঘোষণা দিয়ে ওসমান পরিবারের দায়িত্ব নিয়েছেন। ত্বকীকে যারা খুন করেছে, তারা মানবতাবিরোধী অপরাধ করেছে। যুদ্ধাপরাধী, মানবতাবিরোধীদের বিচার বিলম্বে হলেও হয়েছে, তেমনি ত্বকী হত্যার বিচার হবে।
ত্বকীর বাবা সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, ‘আমাদের দেশে তদন্তকারী সংস্থাগুলোতে পেশাদার দক্ষ কর্মকর্তা থাকলেও রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে তারা সঠিকভাবে তদন্ত করতে পারে না।’ তিনি বলেন, যে দেশে জাতীয় সংসদে শিশু হত্যাকারী দাঁড়িয়ে মানুষকে নীতিকথা শোনায়, সে দেশের মানুষ নিরাপদে থাকতে পারে না।
ত্বকী মঞ্চের সদস্যসচিব নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কবি হালিম আজাদ বলেন, ত্বকী হত্যার প্রতিবাদে যারা সক্রিয়, তাদের বিরুদ্ধে সন্ত্রাসীরা নানা অপতৎপরতা চালাচ্ছে। তিনি সেলিম ওসমান ও শামীম ওসমানকে ত্বকী হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী সংস্থার প্রতি আহ্বান জানান।
রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মাহবুবুর রহমান, হাফিজুল ইসলাম, আওলাদ হোসেন, মন্টু ঘোষ, নিখিল দাস, প্রদীপ ঘোষ, মনি সুপান্থ প্রমুখ। পরে একটি মিছিল নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এদিকে বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে লেখক শরীফ উদ্দিনের (সবুজ) সায়েন্স ফিকশন পেন্টা ফিকশনের পাঠ উন্মোচন অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের সাংসদ নজরুল ইসলাম বলেন, ‘এক ত্বকীকে নিয়ে আমরা অনেক কঠিন কঠিন ভুল করেছি। যার ক্ষমা জাতি আমাদের করবে কি না, পৃথিবী করবে কি না, তা কেউ আমরা নিশ্চিত করে বলতে পারি না।’
সম্প্রচারে বিঘ্ন: তানভীর মুহম্মদ ত্বকী হত্যাকাণ্ডের দ্বিতীয় বার্ষিকীতে গতকাল সকাল থেকে কয়েকটি বেসরকারি টিভি চ্যানেল তাদের মূল সংবাদে শিরোনাম হিসেবে ত্বকীকে নিয়ে বিশেষ প্রতিবেদন শুরু করে। বেলা দুইটা থেকে হঠাৎ নারায়ণগঞ্জ শহর, পার্শ্ববর্তী ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দরে ওই সব চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। ত্বকীর সংবাদ প্রচার শেষ হলে সম্প্রচার আবার চালু করা হয়।
রফিউর রাব্বি অভিযোগ করেন, ত্বকীর সংবাদ সম্প্রচার বন্ধ করে খুনিরা আবারও নারায়ণগঞ্জের মানুষের কাছে প্রমাণ করল, তারাই ত্বকীকে খুন করেছে। ক্ষমতা, অবৈধ অস্ত্র ও পেশিশক্তির ভয় দেখিয়ে তারা কেব্ল অপারেটরদেরও বাধ্য করছে তাদের কথামতো কাজ করতে।