'ত্বকীকে হত্যা করে বিষাক্ত পরিবেশ তৈরি করা হয়েছে'
উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সভাপতি কামাল লোহানী বলেছেন, গণতন্ত্র বলে এ দেশে কোনো কিছু নেই। মানুষ কথা বলতে পারছেন না। প্রতিবাদ জানাতে গেলে তার প্রতিপক্ষ সহিংসতার হিংস্রতায় তাকে দমনের চেষ্টা করছে। নারায়ণগঞ্জ তার প্রত্যক্ষ সাক্ষী। একটিমাত্র পরিবারের ঘৃণ্য চক্রান্ত এ শহরের মানুষের মন থেকে শান্তিকে বিতাড়িত করেছে। ত্বকীকে হত্যা করে এই শহরে একটা বিষাক্ত পরিবেশ তৈরি করা হয়েছে।
গতকাল শুক্রবার সকালে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা উদীচীর দশম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কামাল লোহানী এসব কথা বলেন।
উদীচীর জেলা শাখার সভাপতি জাহিদুল হকের (দীপু) সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকীর মা রওনক রেহানা। বক্তব্য দেন উদীচীর কেন্দ্রীয় সহসভাপতি মাহমুদ সেলিম, জেলা শাখার সাধারণ সম্পাদক পিন্টু সাহা। উপস্থিত ছিলেন ত্বকীর বাবা রফিউর রাব্বি, জেলা খেলাঘরের সভাপতি রথীন চক্রবর্তী, উদীচীর সংগঠক জিয়াউল ইসলাম।
কামাল লোহানী আরও বলেন, ‘ত্বকী হত্যার প্রতিবাদ শুধু নারায়ণগঞ্জে নয়, আমেরিকা, কানাডা, ফ্রান্সসহ আন্তর্জাতিক পরিমণ্ডলেও হয়েছে। নারায়ণগঞ্জের বীর জনতা এই অবিচারের বিরুদ্ধে বিরোচিত লড়াই করে চলেছেন। এ দেশের মানুষ ও যারা বিশ্বের মুক্তিসংগ্রামী, তারা নারায়ণগঞ্জবাসীর পক্ষে রয়েছে। ভয় পাওয়ার কিছু নেই। যারা এই শহরকে অশান্ত করছে, তাদের আমরা চিনি। আজ নয়, বহুকাল থেকে চিনি। ঐতিহ্যের কথা বলে যারা ঐতিহ্যকে ম্লান করতে চায়, তারা বাংলাদেশকে ভালোবাসে না। যদি তারা বাংলাদেশকে ভালোবাসত, তাহলে হেফাজতি, জামায়াতিদের পাশে গিয়ে দাঁড়াত না।’
অনুষ্ঠানে ত্বকীর মা রওনক রেহানা বলেন, ‘নারায়ণগঞ্জে চরম অশান্তি ও আতঙ্ক বিরাজ করছে। এ থেকে পরিত্রাণের জন্য রাষ্ট্রের অভিভাবক হিসেবে জনগণ প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে থাকলেও তিনি নারায়ণগঞ্জের মানুষকে হতাশ করেছেন। তিনি বিশেষ পক্ষ অবলম্বন করায় জনগণের স্বপ্ন, স্বার্থ, আকাঙ্ক্ষা ভূলুণ্ঠিত হয়েছে। আর সে কারণে সংকট এখানে আরও ঘনীভূত হয়েছে।