'ত্বকীকে হত্যা নারায়ণগঞ্জকে কলঙ্কিত করেছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক বলেছেন, মেধাবী সন্তান ত্বকীকে যে বর্বরতায় হত্যা করা হয়েছে, তা কোনো সভ্য সমাজের কাজ হতে পারে না। ওকে হত্যার মধ্য দিয়ে বর্বর সন্ত্রাসীরা নারায়ণগঞ্জকে কলঙ্কিত করেছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 
গতকাল শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ নগরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে কণ্ঠমালা আবৃত্তি সংগঠনের শিল্পীদের আবৃত্তি করা ‘চেতনার রঙে স্বদেশ’ শীর্ষক কবিতার সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সৈয়দ শামসুল হক এসব কথা বলেন।
সব্যসাচী লেখক আরও বলেন, বিগত কিছুদিন ধরে দেশে রাজনীতির নামে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে—এগুলো রাজনীতি না, জাতিকে ধ্বংস করা। সংস্কৃতিকর্মীদের এই ধ্বংসযজ্ঞ রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, কবিতা কাগজের পাতায় শীতল হয়ে পড়ে থাকে। আবৃত্তিশিল্পীরা তা মানুষের মাঝে জাগিয়ে তুলে কবিতার মুক্তি দেন। এ কাজে আবৃত্তিশিল্পীরা হচ্ছেন জাগরণের প্রতীক।
সংগঠনের সভাপতি আমিরুল ইসলাম হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ, আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম, কণ্ঠমালা আবৃত্তি সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল হাসান শুভ প্রমুখ। পরে অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সৈয়দ শাসসুল হক।