'ত্রাণ চাই না, চাই টেকসই বেড়িবাঁধ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে বিধ্বস্ত হয়েছে কক্সবাজারের মহেশখালীর ধলঘাট ইউনিয়নের অসংখ্য ঘরবাড়ি। ভাঙা ঘরের সামনে অসহায় বসে আছেন একটি পরিবারের সদস্যরা। ছবিটি রোববার সকালে সাপমারার ডেইল এলাকা থেকে তোলা l প্রথম আলো
ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে বিধ্বস্ত হয়েছে কক্সবাজারের মহেশখালীর ধলঘাট ইউনিয়নের অসংখ্য ঘরবাড়ি। ভাঙা ঘরের সামনে অসহায় বসে আছেন একটি পরিবারের সদস্যরা। ছবিটি রোববার সকালে সাপমারার ডেইল এলাকা থেকে তোলা l প্রথম আলো

ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ভেঙে যাওয়া ঘরের টিন আর বেড়া কুড়িয়ে নিচ্ছেন লবণশ্রমিক রহমত উল্লাহ (৫০)। পাশাপাশি ছেঁড়া বই আর খাতা খুঁজছে তাঁর ১৩ বছরের মেয়ে ফাতেমা।
গত রোববার কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাট ইউনিয়নের সাপমারার ডেইল এলাকায় গিয়ে এ দৃশ্য দেখা যায়। ঘূর্ণিঝড়ে রহমতের মতো বসতঘর হারিয়েছেন ওই এলাকার আরও অনেকে।
রহমত উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘যেদিন লবণমাঠে কাজ করি, সেদিন পরিবারের লোকজনের খাবার জোটে। যেদিন কাজ থাকে না, সেদিন না খেয়ে থাকতে হয়।’ তিনি বলেন, ‘রোয়ানুর আঘাতে আমার থাকার ঘর ভেঙে গেছে। পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ের বই-খাতা। এখন নতুন করে ঘর তৈরি তো দূরের কথা, মেয়েকে নতুন করে বই কিনে দেওয়ারও সামর্থ্য নেই। আমরা সরকার থেকে ত্রাণ চাই না, চাই টেকসই বেড়িবাঁধ।’
রোববার সরেজমিনে দেখা যায়, রোয়ানুর আঘাতে ধলঘাট ইউনিয়নের পণ্ডিত ডেইল, সাপমারার ডেইল, সুতুরিয়া, সরইতলা, বনজামিরা, মুহুরিঘোনা, নাসির মোহাম্মদ ডেইল এবং মাতারবাড়ি ইউনিয়নের দক্ষিণ রাজঘাট, উত্তর রাজঘাট, খন্দারবিল, ওয়াপদারপাড়া, লাইল্যাঘোনা, তিতামাঝিরপাড়া, মগডেইল, সাইরারডেইল গ্রামসহ বিভিন্ন এলাকা লন্ডভন্ড হয়ে গেছে।
ধলঘাট ইউনিয়নের সাপমারার ডেইল এলাকার বাসিন্দা আব্দু শুক্কুর বলেন, তাঁর ঘর ঘূর্ণিঝড়ে ভেঙে গেছে। এখন আট সদস্যের পরিবারের সদস্যদের নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন। তিনি বলেন, ‘আমাদের একটাই দাবি, চারপাশে বেড়িবাঁধ নির্মাণ করা হোক।’
মাতারবাড়ি ইউনিয়নের তিতামাঝিরপাড়ার বাসিন্দা শাহাব উদ্দিন বলেন, মাছ বিক্রি করে দিনে দু-তিন শ টাকা আয় করতে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। সেখানে নতুন ঘর তৈরি করা তাঁর জন্য দুঃসাধ্য।
ধলঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুল হাসান প্রথম আলোকে বলেন, রোয়ানু এই এলাকা লন্ডভন্ড করে দিয়েছে। তিনি ওই এলাকাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানান। তিনি গৃহহারা পরিবারের লোকজনকে পুনর্বাসনের পাশাপাশি চারপাশে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।
মাতারবাড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ বলেন, ঘূর্ণিঝড়ে অন্তত চার হাজার ঘরবাড়ি ভেঙে গেছে। সড়ক যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। তারপরও এই এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করা হয়নি। তিনি বলেন, ‘আমরা সরকারি ত্রাণ চাই না, চাই টেকসই বেড়িবাঁধ।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলম বলেন, উপজেলায় ২ হাজার ৭৩০টি ঘর একেবারে ভেঙে গেছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৭ হাজার ৫১৭টি ঘরবাড়ি। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ধলঘাট ও মাতারবাড়ি ইউনিয়নে। ধলঘাটে ১ হাজার ১৮১ ও মাতারবাড়িতে ১ হাজার ১৮০ ঘর একেবারে ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ১৭ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম বলেন, ঘূর্ণিঝড় ধলঘাট ও মাতারবাড়ি ইউনিয়নকে লন্ডভন্ড করে দিয়েছে। তাই দুই ইউনিয়নকে দুর্গত এলাকা ঘোষণা করা সময়ের দাবি।