ফার্মগেটের মণিপুরীপাড়ার ১ নম্বর ফটক দিয়ে ঢুকতেই কানে এল খোল-করতালবাদন, সঙ্গে মিলিত কণ্ঠে গানের সুর। পাড়ার ভেতরে শান্তির রানি স্কুলটির কাছে যেতে শব্দ আরও বাড়তে থাকে। বাজনার সঙ্গে মিলে থাকা গানের কথা আলাদা করা যায় না বটে, তবে সুরের ছোঁয়া মনে দোলা দেয়।
গত শুক্রবার সন্ধ্যা। রাজধানীর মধ্যখানের এ পাড়ার এবাড়ি-ওবাড়িতে তখন ভেসে বেড়াচ্ছে সুর। আগন্তুক হলে এমন পরিবেশে খটকা লাগতেই পারে। তবে এ পাড়ার মানুষদের কাছে অগ্রহায়ণের শেষ বা পৌষের শুরুর এ সন্ধ্যাগুলোর দৃশ্য খুবই পরিচিত। ২৫ ডিসেম্বর বড়দিন। তাকে উপলক্ষ করেই চলছে এ কীর্তন। কীর্তনিয়ারা কেউ পেশাজীবী গানের দলের লোক নয়। এ দলে আছে ৮-১০ বছরের শিশু থেকে বড়জোর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ১৫ থেকে ২০ জনের একেকটি দল। কারও হাতে খোল, ঢোল, করতাল এমনকি গিটারও। কীর্তনের মূল উপজীব্য প্রভু যিশুর বন্দনা। খ্রিষ্টান বাড়িগুলোতে গিয়ে গেয়ে গেয়ে এ কীর্তনিয়ারা গান করে। গানের পরে তাদের অবশ্য কিছু প্রাপ্তিযোগও থাকে।
রাজধানীর বড় গির্জা তেজকুনীপাড়ার জপমালার রানি ধর্মপল্লির ফাদার আলবার্ট টমাস রোজারিও বলছিলেন, ‘আমরা তো বাঙালি। এ সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ কীর্তন। প্রভু যিশুর জন্মদিনকে এ কীর্তন আরও আনন্দময় করে তোলে। বড়দিনের আগমনী বার্তাও এটি।’
মণিপুরীপাড়ায় খ্রিষ্টধর্মাবলম্বীদের বসবাস রয়েছে বেশ। কাছাকাছি পূর্ব ও পশ্চিম রাজাবাজার, তেজতুরী বাজার, তেজকুনীপাড়ায়ও খ্রিষ্টানদের বসবাস রয়েছে। এ পাড়াগুলোতে এই সান্ধ্য কীর্তন শুরু হয়েছে এ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে। চলবে আরও দিন তিনেক।
মণিপুরীপাড়ায় গত পরশু সন্ধ্যায় ঢুকে পড়ি একটি কীর্তনের দলে। এদের সন্ধান মেলে পাড়ার প্রান্তক নামের এলাকাটিতে। দলটি তেজগাঁও ক্যাথলিক যুব সংঘের। সংখ্যায় ১৮ থেকে ২০ জন। দলের নেতা সিএর শিক্ষার্থী বেনেডিক্ট অনিক রোজারিও বলেন, ‘কীর্তন করে প্রতিবছর ২০ থেকে ২৫ হাজার টাকা ওঠে। আমাদের বাস্কেটবলের একটি দল আছে। টাকা দিয়ে এ বছর ক্রীড়াসামগ্রী কেনা হবে। কিছু টাকা দুস্থদের সহযোগিতার জন্য দান করা হবে, বাকিটা বনভোজনে ব্যয় হবে।’
রাত পৌনে আটটার দিকে একটি বাড়ির চতুর্থ তলায় গিয়ে দেখা যায় বাসার মালিক বাইরে যাচ্ছেন। কিন্তু কীর্তনের দল দেখে থেমে যান। শুরু হয় কীর্তন। মূল গায়ক গেয়ে ওঠেন, ‘নিঝুম রাতে বেথলেহেমে রাখালেরা ধায়, ত্রাণপতি জন্মেছেন আজ ওই গোশালায়।’ এ গানে সুর ধরে সঙ্গীরা। একপর্যায়ে সুরের গতি বাড়তে থাকে। দুহাত তুলে কাউকে কাউকে দেখা যায় নৃত্য করতে।
কীর্তন শেষ হলে ‘জয় যিশু খ্রিষ্টের জয়’ ধ্বনি ওঠে সমস্বরে। কীর্তন দলের টিনের কৌটায় টাকা দেন বাসার মালিক এলিটার গনসালবেস। বললেন, ‘আমার কিশোর বয়সে এমনভাবে দলবেঁধে কীর্তন গেয়ে বাড়ি বাড়ি টাকা তুলেছি। দিনে দু-তিনটি দল আসেই। সত্যি ভালো লাগে, বিরক্ত হই না একটুও।’ কীর্তন দলের রাজু গোমেজ বলছিলেন, ‘আমাদের দলে অন্য ধর্ম-সম্প্রদায়ের বন্ধুরাও যোগ দেয়। উৎসব তো সবার জন্য।’
কীর্তনের দলের অবিরাম পরিক্রমা চলতে থাকে। প্রান্তিক থেকে এবার পাড়ার ভেতরে ঢুকে পড়ি নতুন দলের সন্ধানে। বড়দিন আসতে আরও সপ্তা খানেক দেরি। কিন্তু এর আগমন কেবল কীর্তনে নয়, আশপাশের বাসাবাড়ির সাজ-সজ্জায়ও স্পষ্ট। কোনো বাড়িতে ঝুলছে স্বচ্ছ কাগজে তৈরি বিশালকার তারা। ভেতরে জ্বলছে আলো। এই তারকা দেখেই ‘তিন পণ্ডিত’ বুঝতে পারেন যিশুর আগমনী বার্তা।