‘ত্রুটিপূর্ণ’ মিটার স্থাপনের প্রতিবাদে রাজশাহীতে সমাবেশ
‘ত্রুটিপূর্ণ’ ডিজিটাল বৈদ্যুতিক মিটার স্থাপন ও অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদে গতকাল সোমবার রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে নগরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। নগরের সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় এ সমাবেশ থেকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) রাজশাহীর প্রধান প্রকৌশলীকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মানববন্ধন ও সমাবেশ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী। বক্তব্য দেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, ইনতাজুল হক, রাজশাহী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আবু বাক্কার, রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ খান, নারীনেত্রী জেসমিন আরা প্রমুখ। বক্তারা বলেন, এই ত্রুটিপূর্ণ ডিজিটাল বৈদ্যুতিক মিটারের কারণে রাজশাহীর মানুষকে দ্বিগুণেরও বেশি বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। বক্তারা বলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড রাজশাহী ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়ে অ্যানালগ মিটার বদল করে ডিজিটালের নামে ত্রুটিপূর্ণ মিটার বসানোর নির্দেশনা দিয়েছে। ফলে নগরের এক লাখ গ্রাহককে ভোগান্তিতে পড়তে হবে। আগামী ৩০ জুনের মধ্যে এক লাখ গ্রাহককে ডিজিটাল মিটারের আওতায় নিয়ে আসার পাঁয়তারা চালানো হচ্ছে। পিডিবি তার আওতাধীন এলাকায় এই মিটার বসানোর উদ্যোগ নিলে গ্রাহকেরা ভোগান্তির পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে বক্তারা উদ্বেগ প্রকাশ করেন।বক্তারা আরও বলেন, অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল না করলে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ এ মাসেই অনশন, অবরোধ, ঘেরাও ও হরতাল কর্মসূচি ঘোষণা করবে। বক্তারা প্রধান প্রকৌশলী স্বপন কুমার রায়কে দ্রুত অপসারণের দাবি জানান।গতকাল বিকেলে এ ব্যাপারে জানতে চাইলে প্রধান প্রকৌশলী স্বপন কুমার রায় পরে বক্তব্য দেবেন বলে জানান। সন্ধ্যায় আবার ফোন করা হলে জানান, তিনি মিটিংয়ে আছেন, এ ব্যাপারে পরে কথা বলবেন।