'ত' বগির ভোগান্তি

ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রামে যাবেন। মহানগর প্রভাতিতে তাঁরা চারজন টিকিট কাটলেন। প্রতিটির দাম ৩২০ টাকা। টিকিটে উল্লেখ করা বগি নম্বর ‘ত’। টিকিট নম্বর ১৭ থেকে ২০। কিন্তু আজ বুধবার সকালে ওই ট্রেনে গিয়ে দেখলেন ‘ত’ নম্বরের কোনো বগিই নেই!
বেসরকারি একটি প্রতিষ্ঠানের চাকরিজীবী বিবর্ধন রায়ের মতো একই দশা হয়েছিল আরও অন্তত অর্ধশত যাত্রীর। ওই ট্রেনের অন্তত চারজন যাত্রী অভিযোগ করেন, ‘ত’ বগিতে ৫৫ থেকে ৬০ জন যাত্রী ছিল। কিন্তু ট্রেনে গিয়ে ‘ত’ নম্বরের বগি না থাকায় তাঁদের ভোগান্তিতে পড়তে হয়। পরে অর্ধেক সংখ্যক যাত্রীকে ভাগাভাগি করে ‘ছ’ ও ‘ঞ’ নম্বরের বগিতে বসালেও বাকি অর্ধেক সংখ্যককে দাঁড়িয়ে যেতে হয়েছে।
ভুক্তভোগী যাত্রীরা জানান, মহানগর প্রভাতি ঢাকা থেকে সকাল ৭টা ৪০ মিনিটে ছাড়ার কথা থাকলেও ছাড়ে সোয়া ১০টায়। চট্টগ্রামে পৌঁছায় বিকেল সাড়ে পাঁচটায়। এ কারণে ‘ত’ বগির আসন না পাওয়া যাত্রীদের প্রায় ১০ ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সরদার শাহাদাত আলী প্রথম আলোকে বলেন, ‘আসলে বেশ কিছুদিন ধরে “ত” বগিটি ট্রেনে থাকছে না। ওই বগির টিকিটও কম্পিউটার থেকে এত দিন বিক্রি বন্ধ রাখা হয়েছিল। কিন্তু ঈদের চাপে মনোযোগ দিতে না পারায় কোনো কারণে এই বগির টিকিটি কম্পিউটার থেকে দেওয়া হয়েছে। আমরা বিষয়টি জানার পরই আজকের যাত্রীদের অন্য জায়গায় যেখানে পেরেছি বসিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই সমস্যা আর হবে না।’