অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, সিলেট মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নাগরিক সেবা উন্নয়নের স্বার্থে আরও চারটি থানার কার্যক্রম বর্তমান সরকারের আমলেই শুরু হলো। থানাগুলো জনসেবার জন্য, জননিপীড়নের জন্য নয়। পুলিশের ব্যবহারে যেন জনগণ কষ্ট না পায়, সেদিকে লক্ষ রাখতে হবে। মানুষকে নালিশ করার অধিকারটুকু নিশ্চিত করতে হবে।গতকাল বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটায় সিলেট মহানগরে নতুন চারটি থানার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেছেন। সিলেট পুলিশ লাইন মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। সভাপতিত্ব করেন সিলেট মহানগরের পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া।সাহারা খাতুন বলেন, পুলিশের কাজের মধ্য দিয়ে নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে। প্রত্যেক মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ ইমরান আহমদ, শফিকুর রহমান চৌধুরী, মাহমুদ-উস-সামাদ চৌধুরী, সৈয়দা জেবুন্নেসা হক, পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শামছুদ্দোহা খন্দকার, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান আবদুস সোবহান শিকদার এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ।সিলেট মহানগর পুলিশ ২০০৬ সালের ১৫ অক্টোবর কোতোয়ালি ও দক্ষিণ সুরমা দুটি থানা নিয়ে কার্যক্রম শুরু করেছিল। সর্বমোট ছয়টি থানা চালু হওয়ার কথা থাকলেও তা হয়নি। সম্প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উদ্যোগে আরও নতুন চারটি থানা প্রতিষ্ঠিত হয়। এগুলো হলো: জালালাবাদ, এয়ারপোর্ট, শাহ পরাণ ও মোগলাবাজার থানা।এর আগে উভয় মন্ত্রী সিলেট সদর উপজেলার বাদাঘাট এলাকায় সিলেট কেন্দ্রীয় কারাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সভায় বক্তব্য দেন। ওই সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল। পুরো অনুষ্ঠান সঞ্চালন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহীদুল আলম।