‘থার্টি ফার্স্ট নাইট’ উদ্যাপনে ব্যাপক প্রস্তুতি, কড়া নিরাপত্তা
‘থার্টি ফার্স্ট নাইট’ উদ্যাপন করতে আজ শনিবার রাতে কক্সবাজার সমুদ্রসৈকতে বসছে লাখো মানুষের মিলনমেলা। নতুন বছর বরণ ও পুরোনো বছরকে বিদায় জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা ছুটে আসছে কক্সবাজারে। এদিকে পর্যটকদের নিরাপত্তায় কক্সবাজারে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।পর্যটকদের বিনোদনের জন্য সমুদ্রসৈকত ও সৈকতসংলগ্ন বিভিন্ন হোটেলে দেশি-বিদেশি তারকা শিল্পীদের অংশগ্রহণে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।কক্সবাজার হোটেল মোটেল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নুরুল আবছার বলেন, থার্টি ফার্স্ট নাইট উৎ সব সৈকতের সবচেয়ে বড় উৎ সব। এ উৎ সবে প্রায় দেড় লাখ মানুষের সমাগম ঘটবে; তাদের মধ্যে ৯০ হাজার থেকে এক লাখ পর্যটক।গতকাল শুক্রবার বিকেলে সৈকতের লাবণী পয়েন্টে গিয়ে দেখা যায়, হাজারো পর্যটক সৈকতে ভিড় জমিয়েছে।থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় বর্ণিল সাজসজ্জা করা হয়েছে।আন্তর্জাতিক চেইন রেস্তোরাঁ কেএফসির ব্যবস্থাপক মো. নাসির আহমদ বলেন, বছরের শেষ সূর্যকে বিদায় ও নতুন বছরের প্রথম সূর্যকে বরণ করতে পর্যটকেরা এখানে ছুটে আসছে। তাদের উল্লেখযোগ্য একটি অংশ কেএফসির সেবা নিচ্ছে।দেশ টিভি আজ সমুদ্রসৈকতে আয়োজন করেছে ‘থার্টি ফার্স্ট নাইট বিচ কনসার্ট’। সন্ধ্যা ছয়টা থেকে রাত একটা পর্যন্ত এই অনুষ্ঠান দেশ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। দেশের শীর্ষস্থানীয় কয়েকটি ব্যান্ড দল এ কনসার্টে অংশ নেবে।এদিকে পর্যটকদের নিরাপত্তায় কক্সবাজারে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর জানান, পর্যটকদের জন্য সার্বিক কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করলে এবং সৈকতে লাখো মানুষের সমাগম হলে স্বাভাবিকভাবে নানা আশঙ্কা থাকে। এসব মোকাবিলায় আইন প্রয়োগকারী সংস্থা প্রস্তুত।দেখা গেছে, গত বৃহস্পতিবার থেকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল, কলাতলী, হোটেল-মোটেল জোনসহ কয়েকটি পয়েন্টে পুলিশের বিশেষ তল্লাশি চৌকি বসানো হয়েছে। পুলিশ এসব তল্লাশি চৌকিতে সন্দেহজনক গাড়ি ও ব্যক্তির ব্যাগ তল্লাশি করছে।এ ছাড়া মাদকের ব্যবহার কমাতে হোটেল-মোটেল জোন এলাকা ছাড়াও শহরের বিভিন্ন স্থানে অভিযান চলছে।