নাট্য নির্দেশক নাসির উদ্দীন ইউসুফ বলেছেন, ‘থিয়েটারের শিক্ষাই হলো প্রতিকূলতা ডিঙিয়ে মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে দাঁড়ানো। আমরা দেখেছি বাংলাদেশে থিয়েটারের অগ্রযাত্রার পথ মসৃণ ছিল না। থিয়েটারের ভাষাই হলো লড়াইয়ের শক্তি। এই শক্তিবলে বাংলাদেশের থিয়েটার বিশ্ব স্বীকৃতি ও অভিধায় অভিষিক্ত হয়েছে।’
২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) আয়োজিত ‘থিয়েটার ভাবনা’বিষয়ক আড্ডায় নাসির উদ্দীন ইউসুফ এ কথা বলেন। লেকচার থিয়েটারে আয়োজিত আড্ডায় চট্টগ্রামের নাট্যকর্মীরা অংশ নেন। টিআইসির পরিচালক আহমেদ ইকবাল হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডায় অভিমত ব্যক্ত করেন মঞ্চকুসুম শিল্পী শিমূল ইউসুফসহ বিভিন্ন নাট্যদলের কর্মীরা।
নাসির উদ্দীন ইউসুফ আরও বলেন, ‘রাষ্ট্রীয় জাতিসত্তার কাছে যখন জাতির নিজস্ব সত্তা হারিয়ে যায়, তখনই দেখা দেয় সংকট। এ কারণেই আমরা বাংলাদেশি বা বাঙালি জাতীয়তাবাদ প্রশ্নে মীমাংসিত একটি সত্যকে বাদানুবাদ পর্যায়ে রেখেছি, যা সামগ্রিক অর্থে আমাদের জাতীয় সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করছে। স্বাধীনতার ৪৫ বছরে বাংলাদেশে থিয়েটার অগ্রবর্তী শিল্পমাধ্যম হিসেবে এগিয়েছে, যা অন্য কোনো শিল্পমাধ্যমে এত প্রকাশমান হয়নি। এই অগ্রসরতা এ দেশের থিয়েটারকর্মীদের সৃজনশীলতার কর্মফল।’
শিমূল ইউসুফ বলেন, থিয়েটারের প্রতি আন্তরিকতা ও ভালোবাসা না থাকলে প্রকৃত থিয়েটার শিল্পী হওয়া যায় না। তিনি তাঁর থিয়েটার, অভিনয়, থিয়েটারে সংগীত ইত্যাদি বিষয়ে নাট্যকর্মীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন। বিজ্ঞপ্তি।