চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নূরুল হুদা বলেছেন, দক্ষ কর্মচারীরা ন্যায়বিচার নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করতে পারেন। অদক্ষ কর্মচারীদের কারণে সুষ্ঠু বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। গতকাল বুধবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলনকক্ষে তিনি এ কথা বলেন।
বিচারিক হাকিম আদালতের কর্মচারী প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ। অনুষ্ঠানে তিনি কর্মদক্ষতার পাশাপাশি কর্মচারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম মুন্সী মো. মশিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত চট্টগ্রাম মুখ্য বিচারিক হাকিম আ স ম শহীদুল্লাহ কায়সার, জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ শহীদুল ইসলাম, মাহমুদুল হাসান, মোসাদ্দেক মিনহাজ, ফারহানা ইয়াসমিন, আবু ইউসুফ, শিপলু কুমার দে প্রমুখ।
বিচারিক হাকিম আদালতে কর্মরত কর্মচারী ও কোর্ট পুলিশ পরিদর্শক কার্যালয়ে কর্মরত পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত এ কর্মশালা হয়। এতে সরকারি কর্মচারীদের আচরণ বিধিমালা, আমলি আদালতে মামলা ব্যবস্থাপনা, ফৌজদারি মামলার শ্রেণিবিন্যাস, অনুলিপি সরবরাহসহ আদালতের কার্যক্রম-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।