দক্ষ শিক্ষকের অভাব ও দুর্গমতার কারণে পাহাড়ে শিক্ষার মান বাড়ছে না। সরকার পাহাড়ে শিক্ষা খাতে বরাদ্দ না বাড়ালে কোনোভাবে শিক্ষার মান বাড়বে না।
গতকাল শনিবার রাঙামাটির বাঘাইছড়িতে এক মতবিনিময় সভায় শিক্ষকেরা এসব কথা বলেন। উপজেলা সদরের কাচালং ডিগ্রি কলেজের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
রাঙামাটি জেলা পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় ১৪টি মাধ্যমিক ও ৪টি নিম্নমাধ্যমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা ও দুটি কলেজের শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা অংশ নেন। সকালে মতবিনিময় সভার শুরুতে অংশগ্রহণকারীদের ছয়টি দলে বিভক্ত করা হয়। এই ছয় দল শিক্ষার মান উন্নয়ন বিষয়ে সুপারিশমালা তৈরি করেন। পরে প্রত্যেক দলের নেতা সুপারিশমালা উপস্থাপন করেন। এতে দুর্গম এলাকার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ছাত্রাবাস নির্মাণসহ বিভিন্ন সুপারিশ করা হয়।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন-উর রশিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা, নারী ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা, কাচালং ডিগ্রি কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজুল ইসলাম।
মতবিনিময় সভায় জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, এক বছর যদি নকলমুক্ত পরীক্ষা নেওয়া হয়, তাহলে পরের বছর শিক্ষার্থীরা মন দিয়ে লেখাপড়া করবে। তিনি আরও বলেন, ‘মাধ্যমিক শিক্ষা জেলা পরিষদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আমাদের কাছে হস্তান্তর করা হলে শিক্ষক নিয়োগসহ কিছু সমস্যার সমাধান করা সম্ভব হবে।’
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, শহরের তুলনায় পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা অনেক পিছিয়ে। গত বছর এসএসসি পরীক্ষায় রাঙামাটি জেলা থেকে মাত্র ৭২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। অথচ অনেক ক্ষেত্রে শহরের একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এর চেয়ে বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পায়। তিনি বলেন, পাহাড়ে আবাসন ও যাতায়াতের সমস্যা দূর হলে শিক্ষার মান বাড়বে। শিক্ষার মান উন্নয়নের জন্য ইংরেজি, বিজ্ঞান ও গণিত বিষয়ে দক্ষ শিক্ষক প্রয়োজন।
কাচালং ডিগ্রি কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, শিক্ষার মানও এগিয়ে নিতে হবে। সে জন্য শিক্ষকদের নানা কৌশল অবলম্বন করতে হবে।
উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা বলেন, প্রাথমিক স্তরে দক্ষ ও মেধাবী শিক্ষক নিয়োগ ছাড়া শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়। প্রথমিক স্তরে যদি শিশুরা মানসম্মত শিক্ষা না পায়, তাহলে তারা মাধ্যমিক স্তরে গিয়ে বড় ধরনের সমস্যায় পড়বে।