'দখিগঞ্জ শ্মশানে ১১ জনকে হত্যায় আজহার জড়িত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার অভিযোগভিত্তিক যুক্তি উপস্থাপন শুরু করেছে রাষ্ট্রপক্ষ। এ সময় সাক্ষীদের জবানবন্দি তুলে ধরে রাষ্ট্রপক্ষ বলেছে, একাত্তরের ৩ এপ্রিল রংপুরের দখিগঞ্জ শ্মশানে ১১ জনকে হত্যার সঙ্গে আজহারুল জড়িত ছিলেন।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস কান্তি বল। গতকাল তিনি আজহারুলের বিরুদ্ধে আনা প্রথম অভিযোগের বিষয়ে যুক্তি দেন। এ অভিযোগের সমর্থনে তিনি রাষ্ট্রপক্ষের ৪, ৮, ১৩, ১৬ ও ১৭তম সাক্ষীর সাক্ষ্য তুলে ধরেন। আজহারুল এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।
আজহারুলের বিরুদ্ধে প্রথম অভিযোগ হলো, একাত্তরের ২৪ মার্চ রাতে রংপুরের আইনজীবী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মাহফুজ আলীসহ ১১ জনকে অপহরণের পর আটকে রেখে নির্যাতন করা হয়। ৩ এপ্রিল তাঁদের দখিগঞ্জ শ্মশানে নিয়ে গুলি করে হত্যা করা হয়।
এই অভিযোগের বিষয়ে রাষ্ট্রপক্ষের পাঁচজন সাক্ষীর জবানবন্দি উদ্ধৃত করে তাপস কান্তি বল বলেন, একাত্তরে রংপুর জেলা ইসলামী ছাত্র সংঘের (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন) সভাপতি আজহারুল একটি ৫০ সিসি মোটরসাইকেলে পাকিস্তানের জাতীয় পতাকা উড়িয়ে রংপুর সেনানিবাসে নিয়মিত যাতায়াত করতেন। সেখানে তিনি পাকিস্তানি সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতেন এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটনের পরিকল্পনা ও ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।
যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ বুধবার পর্যন্ত মুলতবি করা হয়।
রাষ্ট্রপক্ষ গত সোমবার আজহারুলের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন শুরু করে। সেদিন আজহারুলের পরিচিতি ও মুক্তিযুদ্ধকালে তাঁর ভূমিকা তুলে ধরেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম। তিনি বলেন, ইসলামী ছাত্র সংঘের রংপুর জেলা শাখার সভাপতি হিসেবে আজহারুলের সঙ্গে পাকিস্তানি সেনাদের সুসম্পর্ক ছিল। মুক্তিযুদ্ধকালে রংপুরে পাকিস্তানি সেনাদের সহযোগী আলবদর বাহিনী গড়ে তুলতে তিনি সক্রিয় ভূমিকা রেখেছিলেন। জামায়াতের মুখপত্র দৈনিক সংগ্রাম পত্রিকার একটি প্রতিবেদন উদ্ধৃত করে তিনি বলেন, এসব প্রতিবেদনের মধ্যেই একাত্তরে আজহারুলের মুক্তিযুদ্ধবিরোধী ভূমিকা স্পষ্ট হয়ে উঠেছে।
গত বছরের ১২ নভেম্বর আজহারুলের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগ গঠন করা হয়। গত ২৬ ডিসেম্বর থেকে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন ১৯ জন। আসামিপক্ষে সাক্ষ্য দেন একজন।
২০১২ সালের ২২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আজহারুল ইসলামকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর পর থেকে তিনি কারাগারে আটক আছেন।