'দরিদ্র মানুষকে স্বাস্থ্যসেবা দিতে কাজ করছে সরকার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বন্ধ হয়ে যাওয়া কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রগুলো আবার চালু করে প্রত্যন্ত এলাকায় দরিদ্র মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করে চলেছে সরকার। ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক নিয়োগের ব্যবস্থা করার পাশাপাশি কেন্দ্রগুলোকে আরও সম্প্রসারণ করেছে। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে স্বাস্থ্যসেবা দেওয়া হলে সাধারণ মানুষের কষ্ট কমবে।
গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন চর রাঙ্গামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘ইউনিলিভার কমিউনিটি হেলথ কেয়ার সার্ভিস ২০১৭’-এর উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র নাছির এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবদুচ ছালাম।
বক্তব্য দেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপক মো. রহুল কুদ্দুস খান, চর রাঙ্গামাটিয়া বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. ইদ্রিস, চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির কোষাধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. আজম।
বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে দুই দিনব্যাপী আয়োজিত এই স্বাস্থ্যসেবা কার্যক্রমে সাড়ে তিন হাজারের বেশি মানুষ নিবন্ধন করেছেন। চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল ও লায়ন্স চক্ষু হাসপাতাল এই স্বাস্থ্যসেবা কার্যক্রমে সহযোগিতা দিচ্ছে।
অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের জেনারেল ফ্যাক্টরি ব্যবস্থাপক মো. রুহুল কুদ্দুস খান বলেন, শুধু ব্যবসায়িক কর্মকাণ্ডের মধ্যে ইউনিলিভার সীমাবদ্ধ না থেকে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত হয়েছে। ইউনিলিভার স্বাস্থ্যসেবা, শিক্ষা, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। দেশের স্বাস্থ্যসেবা উন্নয়নে কমিউনিটি হেলথ কেয়ার সার্ভিস কর্মসূচি গ্রহণ করেছে।