'দল ক্ষমতায়, তাই নেতা-কর্মীরা আত্মতুষ্টিতে ভুগছেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ অনেক দিন ধরে ক্ষমতায়। তাই নেতা-কর্মীরা আত্মতুষ্টিতে ভুগছেন। আত্মতুষ্টিতে থাকলে নির্বাচনী বৈতরণি পার হওয়া কঠিন হবে।  প্রতিটি নেতা-কর্মীকে জনবান্ধব হতে হবে। মানুষের ঘরে ঘরে যেতে হবে। গতকাল মঙ্গলবার বিকেলে নগরের বাকলিয়ার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল।

বৃহত্তর বাকলিয়া এলাকার নাগরিক সমস্যা নিয়ে ওই মতবিনিময় সভা হয়। সভায় মহিবুল হাসান চৌধুরীকে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবেও দেখার আগ্রহের কথা জানান স্থানীয় কয়েকজন বাসিন্দা।

বাকলিয়া উন্নয়ন জনকল্যাণ সমিতির ব্যানারে এই মতবিনিময় সভায় নগরের ১৭, ১৮, ১৯ ও ৩৫ নম্বর ওয়ার্ডের লোকজন অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন বাকলিয়া উন্নয়ন জনকল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ ইউনুস।

অনুষ্ঠানে অন্তত তিনজন বক্তা মহিবুল হাসান চৌধুরীকে বাকলিয়ার অভিভাবক হওয়ার পরামর্শ দেন। তাঁরা বলেন, মহিউদ্দিন চৌধুরী মেয়র হিসেবে দায়িত্ব পালনের সময় এলাকার বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান দিয়েছিলেন। এর আগে ও পরে আরও অনেকে জনপ্রতিনিধি হয়েছেন। কিন্তু বাকলিয়াবাসীর জন্য কেউ কাজ করেননি। তাঁরা আগামী নির্বাচনে মহিবুল হাসানকে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে মোহাম্মদ শাহজাহান, মহিউদ্দিন, আবদুল মান্নানসহ বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা বাকলিয়ার বিভিন্ন সমস্যার চিত্র মহিবুল হাসান চৌধুরীর কাছে তুলে ধরেন। তাঁরা বলেন, জলাবদ্ধতা বৃহত্তর বাকলিয়ার প্রধান সমস্যা। এলাকার খাল-বিল দখল ও ভরাট হয়ে গেছে, নেই সুপেয় পানি, ভালো শিক্ষাপ্রতিষ্ঠান। রাস্তাঘাটের অবস্থাও ভালো নয়।

বাকলিয়াবাসীর বিভিন্ন অভিযোগ ও সমস্যা সম্পর্কে মহিবুল হাসান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আমি আপনাদের সমস্যাগুলো তাঁর কাছে উপস্থাপন করব।’ তিনি বলেন, ‘বাকলিয়ায় সরকারি স্কুল স্থাপন এবং যে স্কুলটি আছে সেখানে স্থানীয় কোটা প্রবর্তনের বিষয়টি শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরবেন। তিনি বলেন,  জলাবদ্ধতা বড় সমস্যা। সিডিএর মাধ্যমে সরকার ইতিমধ্যে দুই হাজার কোটি প্রকল্প হাতে নিয়েছে। আরও নতুন প্রকল্প নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

সভা চলাকালে কমিউনিটি সেন্টারের বাইরে কিছু যুবকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় কয়েকটি সংবাদমাধ্যমের আলোকচিত্রী ওই দৃশ্য ধারণ করতে গেলে তাঁরা হামলার শিকার হন। তাঁরা গাজী টিভির ক্যামেরা পারসন বাসু দেব ও দৈনিক পূর্বকোণের জ্যেষ্ঠ আলোকচিত্রী মনজুরুল আলমকে নাজেহাল করেন। এ ঘটনায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতারা নিন্দা জানিয়েছেন।