‘দল ক্ষমতায় যাওয়ার পর চেনা নেতারা অচেনা হয়ে গেছেন। নেতারা দলীয় কার্যালয়ে বসে দলের স্বার্থে কথা বললেও বাইরে এসে জামায়াত-বিএনপিসহ অন্যান্য সুবিধাবাদীর সঙ্গে সখ্য গড়ে তোলেন; তখন বোঝা যায় না কে কোন দল করেন।’ ক্ষোভের সঙ্গে কথাগুলো বলছিলেন লালমনিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘আমাদের ছেলেমেয়েদের চাকরি দিতে হবে, কেমন করে দেবেন, কোথায় দেবেন, সেটা নেতারা ভাববেন, এ নিয়ে আমরা ভাবতে চাই না।’ গতকাল রোববার লালমনিরহাট জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় আনোয়ার হোসেন এসব কথা বলেন। শুধু তিনি নন, বর্ধিত সভায় অংশ নেওয়া তৃণমূল নেতা-কর্মীদের প্রতিনিধিদের সবাই তাঁর মতো দলীয় শীর্ষনেতাদের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন। অভাব-অভিযোগ জানানোর পাশাপাশি তাঁরা দলীয় নেতাদের সব কাজের জবাবদিহি চেয়েছেন। জেলা পরিষদ অডিটরিয়াম কাম-কমিউনিটি সেন্টারে আয়োজিত এই বর্ধিত সভায় জেলার পাঁচটি উপজেলা, দুটি পৌরসভা ও ৪২টি ইউনিয়নের তৃণমূল নেতা-কর্মীদের সাড়ে ৪০০ প্রতিনিধি যোগ দেন। হাতিবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন বলেন, ‘দলীয় বেকার যুবকদের চাকরি দিতে হবে। বিডিআর ও পুলিশের নিয়োগে আমাদের দলীয় সুপারিশ মানা হয়নি।’ তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘দল ক্ষমতায় যাওয়ার পর জেলা, উপজেলা, ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের নেতাদের মধ্যে সমন্বয়হীনতা দেখা দিয়েছে। আর এই সুযোগ কাজে লাগিয়ে বিরোধী দল অপপ্রচারসহ নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’