'দল দিলে আছি'

তফসিল ঘোষণার পর সুনামগঞ্জ পৌরসভায় সম্ভাব্য প্রার্থীদের তোড়জোড় বেড়ে গেছে। এই পৌরসভায় মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ১০ জন। তাঁদের মধ্যে ‘দল মনোনয়ন দিলে আছি’ ধরনের প্রার্থীই বেশি।
মেয়র পদে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র মো. আয়ুব বখত জগলুল, জেলা জিয়া পরিষদের সভাপতি ও সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ মো. শেরগুল আহমেদ, মরমি কবি হাসন রাজার প্রপৌত্র দেওয়ান গণিউল সালাদীন, জেলা কৃষক দলের সভাপতি আ ত ম মিসবাহ, আওয়ামী লীগের নেতা দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা কৃষক লীগের সভাপতি সুবীর তালুকদার বাপ্টু, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য খায়রুল কবির রুমেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর আবদুল্লাহ আল নোমান, জেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল ইসলাম এবং বিএনপি নেতা রেজাউল হক। তাঁদের মধ্যে জোরেশোরে গণসংযোগ করছেন মো. আয়ুব বখত জগলুল, দেওয়ান গণিউল সালাদীন ও মো. শেরগুল আহমেদ। তাঁরা দুই মাস ধরে বিলবোর্ড, ব্যানার, পোস্টার, লিফলেটে প্রচারণার পাশাপাশি ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। ঘরোয়া বৈঠক করছেন পাড়া-মহল্লায়।

সুনামগঞ্জ পৌরসভা ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়। প্রথম শ্রেণির এই পৌরসভার আয়তন ২২ বর্গমাইল। মোট ভোটার ৪০ হাজার ৫৬২ জন। ২০১১ সালের ১৮ জানুয়ারির নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হন মো. আয়ুব বখত জগলুল। তিনি পেয়েছিলেন ১৮ হাজার ১৩২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শেরগুল আহমেদ পেয়েছিলেন ৮ হাজার ৭৩ ভোট। এই দুজনের সঙ্গে মাঠে নেমেছেন সুনামগঞ্জ পৌরসভার তিনবারের সাবেক চেয়ারম্যান প্রয়াত কবি মমিনুল মউজদীনের ছোট ভাই গণিউল সালাদীন।

আয়ুব বখত জগলুল বলেন, ‘আমি দলের মনোনয়ন পাব বলে শতভাগ আশাবাদী। দলের লোক হয়েও গত পাঁচ বছর আমি নিরপেক্ষভাবে সবার জন্য কাজ করেছি। এবার দলীয় প্রতীকে নির্বাচন করলেও পৌরসভার সব শ্রেণি-পেশার লোকজন আমার কাজের মূল্যায়ন করবেন বলে আশা করছি।’ শেরগুল আহমেদ বলেন, ‘নির্বাচনের ব্যাপারে এখনো আমরা দলীয় কোনো সিন্ধান্ত পাইনি। দল নির্বাচনে না এলে আমি স্বতন্ত্র প্রার্থী হব। আর যদি আসে, তাহলে আমিই দলীয় মনোনয়ন পাব বলে আশা করছি। আমি গত নির্বাচনে অংশ নিয়েছিলাম এবং এখনো আমি মাঠে আছি, তাই দল আমাকেই মূল্যায়ন করবে বলে আশাবাদী।’
স্বতন্ত্র প্রার্থী হতে চান গণিউল সালাদীন। তিনি বলেন, স্থানীয় নির্বাচনে মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে চায়। মানুষের এই ভাবনায় দলীয় প্রতীক খুব একটা প্রভাব ফেলতে পারবে বলে মনে হয় না। তিনি আরও বলেন, ‘আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করব। সে অনুযায়ী কাজ করছি।’
এই তিনজনের বাইরে আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী আরও পাঁচজনের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়েছে। তাঁরা সবাই নিজ নিজ দলের মনোনয়নের জন্য চেষ্টা করছেন বলে জানিয়েছেন। দলীয় মনোনয়ন পেলে তাঁরা মাঠে নামবেন।