‘দল দেখলেই হবে না দরকার কাজ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মেয়র পদ নিয়ে এবারও গতবারের মতো অবস্থা। আওয়ামী লীগের দুই প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির বর্তমান মেয়র রেজুনের জন্য ভালোই হইছে। মনে হয়, তিনি বেশ খুশিতেই আছেন।’ গত বুধবার সকাল নয়টায় ময়মনসিংহের মুক্তাগাছা পৌর সদর বাসস্ট্যান্ডের কালামিয়া মিষ্টান্ন ভান্ডারে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে কথাগুলো বলছিলেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্কুলশিক্ষক সামছুদ্দিন। হাতের কাপ টেবিলে নামিয়ে রাখতে রাখতে ৩ নম্বর ওয়ার্ডের ভোটার ছামাদ আলী বললেন, ‘এত সহজ না। বিএনপির আরও দুজন প্রার্থী আছে। নির্বাচনে এবার পাস করা বেশ কঠিন হবে।’ পাশের টেবিলে বসা ৭ নম্বর ওয়ার্ডের রহমত আলী বললেন, ‘বিএনপির অপর দুই প্রার্থী যদি শেষ পর্যন্ত দুর্বল হয়ে পড়ে, তবে এবারও গত নির্বাচনের মতো ফলাফল হবে। ফল যাবে বিএনপির ঘরে।’একই দিন পৌর সদরের নন্দীবাড়ি দেবগ্রাম মোড়ের চায়ের দোকানে বসে গল্প করছিলেন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভোটার সুলতান আহাম্মেদ। তিনি বলেন, ‘সাবেক চেয়ারম্যান আ. হাই আকন্দের কর্মী দেখা যায় না। নীরব ভোট রয়েছে তাঁর অনেক।’ পাশে বসা যুবক আসাদুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগের দলীয় কর্মী আছে এই ওয়ার্ডে সাড়ে ৪০০। ভোটের হিসাব না মিললে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বিল্লাল সাহেবরে জবাব দিতে হবে।’ দুপুর সাড়ে ১২টায় সদরের বাপ্পির মোড়ে চায়ের দোকানে বসে ৪ নম্বর ওয়ার্ডের ভোটার কেরামত আলী বলেন, ‘আওয়ামী লীগের দুই প্রার্থীর কাড়াকাড়িতে বিএনপির দলীয় প্রার্থীর বিজয় এবার সহজ হবে না। হুনছি, বাকি দুই প্রার্থীর সবাই শেষ পর্যন্ত নির্বাচন করবে।’ পাশে বসা একই ওয়ার্ডের বয়োজ্যেষ্ঠ ইলিয়াস আলী বললেন, ‘তোমরা আমার কথায় রাগ কইরো না। তোমরার কথা হোনলাম। ভোটার এহন অনেক বেশি সজাগ। কে থাকল কে থাকল না, তা বড় কথা না। মুক্তাগাছা পৌরসভার উন্নয়নে বিগত সময়ে কে কী করেছে, তা দেইখা সবাই ভোট দিব। বুঝলা, দল দেখলেই হবে না; আমাদের কাজ দরকার।’ ময়মনসিংহের মুক্তাগাছায় আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে আনারস প্রতীক নিয়ে নির্বাচনে নেমেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার। আর বিদ্রোহী প্রার্থী হিসেবে টেলিভিশন প্রতীক নিয়ে নির্বাচন করছেন পৌরসভার সাবেক চেয়ারম্যান ও দলের সাবেক সাধারণ সম্পাদক আ. হাই আকন্দ। তিনি দলীয় প্রার্থী বিল্লাল হোসেন সরকারের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে গত নির্বাচনেও অংশ নিয়েছিলেন। ফলে গত নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বিল্লাল হোসেন সরকার বিএনপির একক প্রার্থী মানছুরুর রহমান খান রেজুনের কাছে পরাজিত হয়েছিলেন। এ ছাড়া নির্বাচনে মেয়র পদে তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এখলাছুর রহমান ও দোয়াত-কলম প্রতীক নিয়ে সাবেক পৌর চেয়ারম্যানের ছেলে ব্যবসায়ী আতাউর রহমান মেয়র পদে নির্বাচন করতে জোরেশোরে গণসংযোগ চালাচ্ছেন।