‘বিএনপি আইবনি? আয় যদিও শেষ পর্যন্ত থাকবনি?’ পৌর নির্বাচন নিয়ে কথা উঠতেই প্রশ্ন দুটি ছুড়ে দিলেন সিলেটের গোলাপগঞ্জ পৌর এলাকার চৌমুহনী চা-স্টলের মালিক রিয়াছত আলী। দলীয় প্রতীকে এবারই প্রথম পৌর নির্বাচন হওয়ায় তাঁর দোকানে এখন নিত্য চলে এসব আলাপ। আগের দফা পৌর নির্বাচনের কথা উল্লেখ করে গত সোমবার রিয়াছত আরও বললেন, ‘আগরও ফিরা প্রার্থী নিয়াই মাত-কথা চলত। ই-ফিরা প্রার্থী না, দল নিয়া মাতামাতি বেশি।’
শুধু রিয়াছত নন, দলীয়ভাবে প্রথম পৌর নির্বাচন হওয়ায় সব দলের অংশগ্রহণ থাকবে কি না, তা নিয়ে ভোটারদের মধ্যে রয়েছে প্রশ্ন আর কৌতূহল। চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে ভোটারদের মূল ভাবনা বিএনপিকে নিয়ে। নির্বাচন ঘনিয়ে আসায় ভোটারদের মধ্যে প্রার্থী ছাপিয়ে দল নিয়ে কৌতূহল ক্রমেই বাড়ছে। দলীয় প্রার্থীদের প্রচারণার সময়ও ভোটাররা স্পষ্টভাবে বলে দিচ্ছেন, ‘নমিনেশন পাইলে আছি।’
দলীয় পরিচয় ও প্রতীকে স্থানীয় নির্বাচন হওয়ায় তাতে প্রার্থীদের ব্যক্তিগত ভাবমূর্তির প্রভাব ফেলার দিন ফুরিয়ে গেছে বলে মনে করছেন সুশাসনের জন্য নাগরিক-সুজনের সিলেট সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রার্থীদের উন্নয়ন প্রতিশ্রুতি, কর্মকাণ্ড—এসব আর হিসাবের মধ্যে রাখার সুযোগ থাকল না। ভালো কিছু নয়, আমাদের রাজনৈতিক সংস্কৃতির তিক্ত অভিজ্ঞতার প্রতিফলন কতটা স্থানীয় নির্বাচনে পড়বে, তা-ই এখন দেখার পালা। এ জন্যই এত কৌতূহল!’
দলীয়ভাবে নির্বাচন হওয়ায় জেলা নির্বাচন কার্যালয়ের সব কটি দপ্তরেও যেন বাড়তি সতর্কতা নিয়ে চলছে প্রস্তুতি। সিলেটের জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম প্রথম আলোকে জানালেন, জাতীয় নির্বাচন পরিচালনার অভিজ্ঞতা নিয়ে স্থানীয় নির্বাচন পরিচালনা করতে তাঁরা প্রস্তুতি নিচ্ছেন। তবে সবক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
সিলেটের তিনটি পৌরসভায় এবার নির্বাচন হবে। এগুলো হলো: গোলাপগঞ্জ, কানাইঘাট ও জকিগঞ্জ। গোলাপগঞ্জে সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০০৮ সালের ৪ আগস্ট। সীমানা বর্ধিত করা নিয়ে জটিলতার কারণে পাঁচ বছরের স্থলে সাত বছর পর নির্বাচন হচ্ছে। এ কারণে ভোটারদের মধ্যে উচ্ছ্বাস বেশি।
গোলাপগঞ্জের বর্তমান পৌর মেয়র জাকারিয়া আহমদ পাপলু টানা দুই মেয়াদে আওয়ামী লীগের একাংশের সমর্থন নিয়ে নির্বাচিত হন। আসন্ন নির্বাচনেও দলের মনোনয়নপ্রত্যাশী তিনি। মনোনয়ন পাবেন কি—এমন প্রশ্নে তাঁর সোজাসাপ্টা উত্তর, ‘ভোটের রাজনীতিতে যাঁরা এগিয়ে থাকবেন, দল তাঁদেরই মনোনয়ন দেবে। আমি সেভাবেই দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি।’
দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের আরও কয়েকজনের তোড়জোড় রয়েছে। তবে বিএনপি কিংবা আওয়ামী লীগবিরোধী কোনো দলের সম্ভাব্য মেয়র পদপ্রার্থীর তৎপরতা নেই। নির্বাচনের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানালেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
২০০৫ সালে গঠিত হয় কানাইঘাট পৌরসভা। প্রথম নির্বাচন হয় ২০১১ সালে। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক লুৎফুর রহমান দলীয় সমর্থনে প্রার্থী হয়ে মেয়র হন। এবার দলীয় মার্কা নিয়ে নির্বাচন করবেন, সে বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। নিজেসহ দলীয় নেতা-কর্মীদের মধ্যে এ নিয়ে একধরনের কৌতূহল আছে বলে জানান তিনি।
কানাইঘাটে বিএনপির পাশাপাশি জামায়াতেরও শক্ত সাংগঠনিক অবস্থান রয়েছে। দুটির সম্ভাব্য প্রার্থীদের তৎপরতাও রয়েছে। কিন্তু খোদ প্রার্থীরাও নিজেদের প্রার্থিতার কথা নির্দিষ্ট করে ভোটারদের বলতে পারছেন না। অবশ্য, কানাইঘাট উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এ কে এম ওলিউল্লাহ বললেন, ‘নিবন্ধন জটিলতায় জামায়াত যদি নির্বাচন করতে না পারে, আর বিএনপি যদি নির্বাচনে না আসে, তাহলে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও আমি নির্বাচন করতে পারি।’
জকিগঞ্জের আওয়ামী লীগ-সমর্থিত পৌর মেয়র আনোয়ার হোসেন সোনা উল্লাহ গত বছরের ২০ জুলাই মারা যান। এরপর ১৮ অক্টোবর অনুষ্ঠিত উপনির্বাচনে মহাজোটের সমর্থন নিয়ে মেয়র হন পৌর জাতীয় পার্টির সভাপতি আবদুল মালেক। তিনি জানালেন, জোটগতভাবে নির্বাচন হলে তিনি এবারও প্রার্থী। তা না হলে দলের হয়ে নির্বাচন করবেন।
দলীয় মনোনয়ন পাওয়াটা যেন আরেক ভোটে জয়—এমন এক অবস্থা বিরাজ করছে জাপা, আওয়ামী লীগসহ কয়েকটি দলের স্থানীয় নেতাদের মধ্যে। তবে বিএনপি এখনো নীরব। তাই ভোটারদের মূল আশঙ্কা বিএনপিকে নিয়েই।
পৌর নির্বাচনে বিএনপি আসবে কি আসবে না—এমন ভাব থাকায় সিলেট আওয়ামী লীগকে অনেকটা নির্ভার মনে হচ্ছে। সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ
প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল না থাকলে নির্ভার মনে হওয়াটা স্বাভাবিক। বিএনপির মাঠের নেতা-কর্মীরা নির্বাচন চায়, এটি প্রমাণ হয়েছে।’
নির্বাচনের ব্যাপারে কেন্দ্র থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি বলে জানালেন সিলেট জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক দিলদার হোসেন সেলিম। তিনি বলেন, ‘প্রতিদ্বন্দ্বিতা রাজনৈতিক হলে তো ভালো ছিল। সরকারের পুলিশ বাহিনী যেভাবে বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সন্ত্রাসী বানিয়ে গ্রেপ্তার করছে, তাতে মনে হচ্ছে ভোটের আগেই আওয়ামী লীগের বিপক্ষ শক্তিকে স্তব্ধ করা হচ্ছে।’