'দল পাল্টায়, বাঁশের সাঁকো আর ব্রিজ হয় না'

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নশরতপুর ও আলোকডিহি ইউনিয়নের মাঝে ইছামতী নদীর ওপর সেতু নেই। সেখানে বাঁশের সাঁকোয় চলে পারাপার। এ কারণে ইউনিয়ন দুটির ১০টি গ্রামের মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, ভোট এলে সব দলের নেতাই প্রতিশ্রুতি দেন, বাঁশের সাঁকো আর থাকবে না। কষ্ট করতে হবে না। নদীর ওপর সেতু হবে। কিন্তু দল পাল্টায়, বাঁশের সাঁকো আর ব্রিজ হয় না। ৫০ হাজার মানুষের কষ্ট-দুঃখও ঘোচে না।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, নশরতপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় থেকে প্রায় ২০০ গজ পূর্বে ইছামতী নদী। পরিষদ থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে দিনাজপুর-রংপুর মহাসড়ক। পূর্ব পাড়ে আলোকডিহি ইউনিয়ন। মাঝখানে নদীর ওপর প্রায় ৭০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকো।
নশরতপুর ইউনিয়নের নদীপাড়া এলাকার বাসিন্দা মকবুল হোসেন, মো. নাসিম, জাহিদুল ইসলামসহ কয়েকজন বলেন, বাড়ি বাড়ি চাঁদা তুলে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে প্রতিবছর সাঁকো মেরামত করা হয়। বড় বন্যা হলে পানির তোড়ে সাঁকো ভেঙে যায়। তখন অনেকে কলাগাছের ভেলায় নদী পার হয়। অনেকে চার কিলোমিটার ঘুরে রানীরবন্দর হয়ে যাতায়াত করেন।
আলোকডিহি জে বি উচ্চবিদ্যালয়ের শিক্ষক সুকুমার চন্দ্র বলেন, বাঁশের সাঁকো দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আলোকডিহি জে বি উচ্চবিদ্যালয়, রানীরবন্দর এন আই বালিকা উচ্চবিদ্যালয়, কুমড়িয়া দ্বিমুখী উচ্চবিদ্যালয়সহ রানীরবন্দর হাট ও ইউপি কার্যালয়ে মানুষ যাতায়াত করে থাকে। রানীরবন্দর এন আই বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মোছাম্মৎ নাছরীন বলে, সেতু না থাকায় প্রতিদিন সবাইকে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। বৃষ্টির সময় এ দুর্ভোগ বেড়ে যায়।
আলোকডিহি গ্রামের বাসিন্দা বেসরকারি সংস্থার কর্মী সাধনা রায় বলেন, ‘চাকরি করি। বাড়ি ফিরতে প্রতিদিনই রাত হয়। রাতের বেলা এ বাঁশের সাঁকো পার হাতে ভয় করে।’
নদীর পূর্ব পাড়ের গছাহার গ্রামের জিয়ারুল হক বলেন, সেতু না থাকায় নদীর পূর্ব পারের কৃষকেরা উৎপাদিত পণ্য সময়মতো হাটে আনতে পারেন না। চার কিলোমিটার পথ ঘুরে বাজারে পণ্য আনতে অনেক খরচ বেড়ে যায়।
নশরতপুর ইউপি চেয়ারম্যান মো. নুর ইসলাম বলেন, এত দীর্ঘ সেতু নির্মাণের বাজেট ইউপিতে নেই। এ ব্যাপারে ইউএনওসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ ব্যাপারে জানতে গত বৃহস্পতিবার মুঠোফোনেএকাধিকবার ফোন দেওয়া হলেও ইউএনও ফিরোজ মাহমুদ ধরেননি। খুদে বার্তা পাঠালেও সাড়া দেননি। গতকাল শনিবার আবার ফোন দিলে তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।