'দলগুলোর গণতন্ত্রচর্চার অভাব নারীরা থাকছে উপেক্ষিত'
দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সুষ্ঠু গণতান্ত্রিকচর্চা না থাকায় প্রান্তিক জনগোষ্ঠীর নারীর ভোটাধিকার ও রাজনৈতিক অংশগ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে। দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা নেই। ত্যাগী নেতারা যথাযথ মূল্যায়িত না হয়ে পুরস্কৃত হচ্ছেন চাটুকারেরা। সাধারণ ভোটাররা যেমন বঞ্চিত হচ্ছেন তেমনি নারীরাও উপেক্ষিত থাকছেন রাজনীতিতে।
‘প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্তকরণ’ শীর্ষক নাগরিক সংলাপে গতকাল শনিবার বক্তারা এসব কথা বলেন। স্টেপস ও ড্যানিশ চার্চ এইডের সহযোগিতায় নগরের চান্দগাঁওয়ে চিটাগাং সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (সিএসডিএফ) এ সংলাপের আয়োজন করে।
সংলাপে বক্তারা বলেন, নির্বাচন কমিশনের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী প্রতিটি রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী সদস্য রাখার বিধান থাকলেও কোনো দলই এ নির্দেশ মানছে না। ফলে নির্বাচনী কর্মকাণ্ডে তৃণমূল পর্যায়ে নারীর অংশগ্রহণ নিশ্চিত হচ্ছে না। এ রকম অবস্থা চলতে থাকলে দেশের অর্ধেক নারী ভোটার বিশেষ করে প্রান্তিক নারীরা রাজনীতিতে অংশ নেওয়ার বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলবেন।
সিএসডিএফের চেয়ারপারসন এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে সংলাপে অংশ নেন চট্টগ্রাম বিভাগীয় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সমিতির সভানেত্রী রেহেনা আক্তার রানু, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি আবদুল ওয়াহাব চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক সাধারণ সম্পাদক সৈয়দ লকিয়ত উল্লাহ, নারীনেত্রী দিপিকা বড়ুয়া, সায়মা হক, জান্নাতুল ফেরদৌস, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু প্রমুখ।
প্রান্তিক নারীদের আলোচনায় বক্তারা আরও বলেন, নাগরিক সমাজও তাদের ভূমিকা পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারাও নিজ নিজ বিশ্বাস ও দলীয় স্বার্থের উর্ধ্বে উঠতে পারছে না। ফলে প্রান্তিক জনগোষ্ঠী ও নারীদের দুঃখ ও বেদনার কথা বলার কেউ নেই।