‘দলাদলি বুঝি না, তলবি বাড়ত চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চা-শ্রমিক ইউনিয়নের একাংশের ডাকা ধর্মঘটে গতকাল বৃহস্পতিবার সিলেট বিভাগের অধিকাংশ চা-বাগানে কাজ হয়নি। শ্রমিকেরা ধর্মঘটের সমর্থনে বাগানে বাগানে মিছিল-সমাবেশ করেছেন। দৈনিক ১৫০ টাকা মজুরি, বছরে ২০ দিন ছুটি, উৎসব ভাতা বাড়ানোসহ ১৮ দফা দাবিতে চা-শ্রমিক ইউনিয়নের বিজয় বুনারজি-সমর্থিত আহ্বায়ক কমিটির উদ্যোগে এ ধর্মঘট পালিত হয়। গত ২৮ মে এ কর্মসূচি ঘোষণা করা হয়।প্রতি দুই বছর পর পর চা-শ্রমিক ইউনিয়ন ও বিটিএর মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমে দেশের সব চা-বাগানে কর্মরত ৮৫ হাজার নিবন্ধিত এবং ১৫ হাজার অনিবন্ধিত শ্রমিকের মজুরিসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত হয়। গত ৩১ আগস্ট আগের দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। কিন্তু শ্রমিক ইউনিয়নের দুই অংশের নেতৃত্বের দ্বন্দ্ব নিয়ে বেশ কয়েক মাস ধরেই শ্রম আদালতে মামলা চলছে। মামলাটি নিষ্পত্তি না হওয়ায় বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন (বিটিএ) এখন পর্যন্ত কোনো অংশের সঙ্গেই নতুন করে চুক্তি সম্পাদনের উদ্যোগ নেয়নি।শ্রমিক ইউনিয়নের এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন বিজয় বুনারজি। অপরপক্ষে রয়েছে মাখনলাল কর্মকারের নেতৃত্বাধীন কমিটি। সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট, কালীঘাট, ফুলছড়া, সাতগাঁও, ফুসকরি, সিন্দুরখান, কাকিয়াছড়া, মাকড়িয়াছড়াসহ বালিশিরা অঞ্চলের (ভ্যালি) অধিকাংশ চা-কারখানা বন্ধ ছিল। তবে বালিশিরা অঞ্চলের ভাড়াউড়া, বুড়বুড়িয়া, জাগছড়াসহ আশপাশের কয়েকটি বাগানে কাজ হয়েছে।চা-বাগানের মালিকপক্ষের সংগঠন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের (বিটিএ) সিলেট শাখার চেয়ারম্যান ও ফিনলে টি কোম্পানির ভাড়াউড়া ডিভিশনের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জি এম শিবলী বলেন, বালিশিরা অঞ্চলে ফিনলে চা কোম্পানির ভাড়াউড়া ও জাগছড়ার বাগানগুলোতে ধর্মঘট হয়নি। তবে রাজঘাট, আমরাইল, ডিনস্টন বিভাগের বাগানের শ্রমিকেরা কাজে যোগ দেননি।ইস্পাহানি টি কোম্পানির জেরিন চা-বাগানের ব্যবস্থাপক সেলিম রেজা চৌধুরী বলেন, তাঁর বাগানে ধর্মঘট হয়নি। তবে একই কোম্পানির মির্জাপুর চা-বাগানের উপব্যবস্থাপক আবুল কালাম জানান, তাঁর বাগানে আংশিক কাজ হয়েছে। ধর্মঘট-সমর্থক শ্রমিকেরা গতকাল সকালে কমলগঞ্জের শমশেরনগর চা-বাগানের প্রধান ব্যবস্থাপক শাহাদত হোসেনসহ বেশ কয়েকজন কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখে। পরে প্রশাসনের হস্তক্ষেপে তাঁদের উদ্ধার করা হয়।হবিগঞ্জের মাধবপুর উপজেলার পাঁচটি চা-বাগানের মধ্যে চারটিতে কর্মবিরতি পালন করেছেন শ্রমিকেরা। তেলিয়াপাড়া চা-বাগানের প্রায় ৮০০ শ্রমিক কারখানার সামনে বিক্ষোভ করেন। তেলিয়াপাড়া চা-বাগানের ব্যবস্থাপক সৈয়দ মাহমুদ হাসান বলেন, শ্রমিকদের কর্মবিরতির কারণে প্রায় ১০ হাজার কেজি কাঁচা চা-পাতা উত্তোলিত হয়নি। মৌলভীবাজারের জুড়ী ভ্যালির (জুড়ী, কুলাউড়া ও বড়লেখা উপজেলার ২৩টি চা-বাগান নিয়ে একটি ভ্যালি) বিভিন্ন চা-বাগানে কর্মবিরতি পালিত হয়েছে। ধামাই চা-বাগানের শ্রমিক অন্নপূর্ণা নায়েক বলেন, ‘জিনিসপত্তরের দাম বেড়েছে বাবু। তলবি (মজুরি) তো বাড়ল না। দলাদলি বুঝি না, তলবি বাড়ত চাই—এইটাই হামরা (আমরা) বুঝি।’বিটিএর জুড়ী ভ্যালি সার্কেলের চেয়ারম্যান ও বড়লেখার রশীদাবাদ চা-বাগানের ব্যবস্থাপক এনায়েত হোসেন চৌধুরী বলেন, ভ্যালির ২৩টির মধ্যে পাঁচটিতে কর্মবিরতি পালিত হয়নি বলে তাঁরা খবর পেয়েছেন। নতুন চুক্তির ব্যাপারে তিনি বলেন, ‘চা-শ্রমিক ইউনিয়নের দুটি পক্ষের বিরোধের আইনি সমাধান হলেই চুক্তি হয়ে যাবে।’এদিকে ধর্মঘট শেষে বিকেল চারটায় শ্রীমঙ্গলে চা-শ্রমিক ইউনিয়নের কার্যালয় লেবার হাউসে এক সংবাদ সম্মেলনে ইউনিয়নের আহ্বায়ক বিজয় বুনারজি বলেন, আগামী ১৫ জুনের মধ্যে ১৮ দফা দাবি বাস্তবায়নে বিটিএ চুক্তির উদ্যোগ না নিলে ২১ জুন থেকে দেশের সব চা-বাগানে লাগাতার ধর্মঘট পালিত হবে। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, দেশের বেশির ভাগ চা-বাগানের শ্রমিকেরা স্বতঃস্ফূর্তভাবে ধর্মঘট পালনকরেছেন।তবে চা-শ্রমিক ইউনিয়নের অপর অংশের সাধারণ সম্পাদক রামভজন কৈরি মুঠোফোনে বলেন, সারা দেশে ২৪০টি চা-বাগানের মধ্যে ১৭৫টি চা-বাগানের শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাখ্যান করে কাজ করেছেন। প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ও জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি।