'দলাদলির' শঙ্কায় হচ্ছে না বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) তিন বছর ধরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে না। তবে শিক্ষার্থীদের কাছ থেকে এই খাতে প্রতিবছরই ফি আদায় করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সর্বশেষ ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে ছাত্রদের মধ্যে ‘দলাদলি’ হতে পারে—এমন আশঙ্কা রয়েছে তাদের। তাই এই আয়োজনটি করা হচ্ছে না।
বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্র পলাশ কুমার দাশ আক্ষেপ করে প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর একবারের জন্যও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে দেখিনি। কিন্তু দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ নিয়ে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। কিন্তু আমরা এ ধরনের উৎসব থেকে বঞ্চিত হচ্ছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপপ্রধান কর্মকর্তা নির্মল কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ আছে। তবে এই প্রতিযোগিতা আয়োজনে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই।
২০১১-২০১২ সাল থেকে এ বছর পর্যন্ত চারটি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী ভর্তি হয়েছেন। গত তিন বছরে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে বার্ষিক ক্রীড়া ফি হিসেবে ৯০ টাকা (প্রতিবছর ৩০ টাকা করে) করে মোট ২ লাখ ২৫ হাজার টাকা আদায় করা হয়েছে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে গেলেই কিছু শিক্ষার্থীর মধ্যে ‘দলাদলি’ হয়। দলাদলি এড়াতে এই প্রতিযোগিতার আয়োজন বন্ধ রাখা হয়েছে। তবে এর পরিবর্তে বিভিন্ন সময় ক্রিকেট, ফুটবল, ভলিবলসহ বিভিন্ন খেলার আয়োজন করা হয়।