ড. কামাল হোসেন বলেছেন, দলীয় আনুগত্য ও স্বজনপ্রীতির জন্য দেশ এখনো দুর্নীতিমুক্ত হয়নি। সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস ও বিদ্যুতের সংকট থেকে এখনো পরিত্রাণ পায়নি দেশের জনগণ।গতকাল শনিবার দুপুরে চাঁদপুর জেলা গণফোরামের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।কামাল হোসেন বলেন, বর্তমান মহাজোট-সমর্থিত সরকারের একটি গুরুত্বপূর্ণ অংশ গণফোরাম। ২০০৪ সাল থেকে দেশের মানুষের অধিকার আদায়ে আন্দোলন গড়ে তুলতে এবং সন্ত্রাস, দুর্নীতি ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে নিয়ে কঠোর অবস্থান গড়ে তোলার ক্ষেত্রে গঠিত ১৪ দলে গণফোরামের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।গণফোরামের নেতা এ বি সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সম্পাদক সুব্রত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু, তথ্য ও গবেষণা সম্পাদক মোস্তাক আহমেদ, আইনবিষয়ক সম্পাদক জগলুল হায়দার, জেলা গণফোরামের সাধারণ সম্পাদক সেলিম আকবর, গণফোরামের নেতা কাউসার মিয়াজী, যুব গণফোরাম ঢাকা মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক রওশন ইয়াজদানি। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম।