‘দলীয় ভাগ মেলানো যাচ্ছে না তাই...’
ভোলায় নদীতে দুই মাস (মার্চ-এপ্রিল) জাল ফেলা নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত জেলেদের জন্য চার মাসের চাল ও নগদ টাকা বরাদ্দ করে সরকার। ওই দুই মাস পেরিয়ে গেছে আরও এক সপ্তাহ আগে। কিন্তু জেলেরা এখনো চাল-টাকা পাননি। এমনকি বরাদ্দ করা চালের ৮০ শতাংশ উত্তোলনই করেননি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা।চাল না পেয়ে ও চেয়ারম্যানের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের বিক্ষুব্ধ জেলেরা গতকাল শুক্রবার ইউনিয়ন পরিষদ ঘেরাও করে গুদামে তালা ঝুলিয়ে দেন। এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান পালিয়ে যান।জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তোফাজ উদ্দিন আহাম্মদ জানান, চাল ও টাকা চলে এসেছে, বরাদ্দও হয়ে গেছে, কিন্তু কেন উপজেলা পরিষদ ও চেয়ারম্যান জেলেদের মধ্যে বিতরণ করছেন না, তা তাঁরাই বলতে পারবেন। জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, মৎস্য সংরক্ষণ আইনানুযায়ী, ২০০৫ সাল থেকে জাটকা ইলিশসহ অন্য মাছের রেণুপোনা সংরক্ষণের জন্য ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলার কয়েকটি পয়েন্টে সব ধরনের জাল ফেলায় নিষেধাজ্ঞা জারি করা হয়। এ জন্য মৎস্য ভিজিএফের আওতায় ভোলার ৪৪ হাজার ৩৭২টি জেলে পরিবারের জন্য চার মাসে (ফেব্রুয়ারি-মে) ৫৩ লাখ ২৪ হাজার ৬৪০ কেজি চাল ও এক হাজার ৪৫৩টি জেলে পরিবারের পুনর্বাসনের জন্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। মেঘনার তীরে ধনিয়া ইউনিয়নের নাছির মাঝি এলাকার হেজু মাঝি (৪৫) বলেন, ‘জাইল্যা গো চাউল আইলে হেই চাউল পায় রিশকা আলারা। আই ধরতে গ্যালে লেদা কালেত্তোন (ছোট বয়স) নদীত মাছ ধরি, হেইডা ছাড়া কিছুই জানি না। নদীত মাছ না দল্লে না খাইয়্যা থাহি আই, কিন্তুক এ্যকবারও চাউল পাত পাইনো।’ তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ স্লুইস মাছঘাট এলাকার জাহাঙ্গীর মাঝি বলেন, ‘দুই মাস মাছ ধরোন বন্ধ আছিল, কিন্তুক বড় মিয়ারা ঠিকই মাছ ধরছে। আমরা পারিনয়। এহোন মাছ ধরা শুরু অইলেও নদীতে মাছ নাই। ধার-দেনা কইর্যা চলি, এহোন দোকানদারও বাকি দেয় না। গত বছর ১০ কেজি চাউল পাইছিলাম, কিন্তু এইবার কিছুই পাইনো, কেউই পায়নয়।’ বরাদ্দ পেলেও চাল ও টাকা বিতরণ না করার বিষয়ে সদর উপজেলার কাচিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর বেলায়েত হোসেন বলেন, উপজেলা থেকে তালিকা অনুমোদন না হওয়ায় চাল দিতে দেরি হচ্ছে। দৌলতখান উপজেলার মদনপুর ইউপির চেয়ারম্যান হারুন অর রশীদ বলেন, শিগগিরই চাল বিতরণ করা হবে। তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউপির চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, ‘বিএনপি জেলে ঢুকে পড়ায় চূড়ান্ত তালিকা হচ্ছে না, তাই চাল বিতরণ করা যাচ্ছে না।’ লালমোহন উপজেলার পশ্চিমচর উমেদ ইউপির চেয়ারম্যান আবু ইউসুফ বলেন, ‘দলীয় ভাগ মেলানো যাচ্ছে না, তাই চাল বিতরণ হচ্ছে না।’ ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম ফকির বলেন, ‘দলাদলির কারণে একটু লেট হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে চাল বিতরণ শুরু হবে।’ লালমোহনের ইউএনও সিদ্দিকুর রহমান বলেন, ‘আমি নতুন এসেছি, দেখছি কেন হয়নি।’ ভোলা জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম বলেন, এ ব্যাপারে তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।