‘দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পায়ের নিচে মাটি নেই বুঝতে পেরেই আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে চায় না। কিন্তু দলীয় সরকারের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। গতকাল বুধবার চট্টগ্রাম নগরের নিমতলা বিমান চত্বরে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১৮ দলীয় জোটের গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে এই পথসভার আয়োজন করা হয়।নিমতলা মোড়ে পথসভায় জড়ো হওয়া নেতা-কর্মীদের মধ্যে প্রায় অর্ধেকই ছিলেন জামায়াত-শিবিরের নেতা-কর্মী। বেলা দুইটা থেকে তাঁরা সেখানে জড়ো হয়ে নিজামী-সাঈদীসহ গ্রেপ্তার জামায়াতের নেতাদের মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। তাঁদের হাতে ছিল জামায়াত নেতাদের মুক্তির দাবিসংবলিত ফেস্টুন।বেলা তিনটায় খন্দকার মোশাররফ ও নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ শীর্ষ নেতারা নিমতলা মোড়ে আসেন। এ সময় আমীর খসরু কয়েকবার ক্ষোভ প্রকাশ করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের স্লোগান থামান। আমীর খসরু মাহমুদ বলেন, ‘নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশের মানুষ কোনো নির্বাচন মেনে নেবে না।’ আগামী দিনের সংগ্রামে দলের নেতা-কর্মীদের সৈনিকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানান তিনি। জামায়াতে ইসলামীর নগর শাখার আমির আ ন ম শামসুল ইসলাম বলেন, ‘ভবিষ্যৎ ভরাডুবি বুঝতে পেরে সরকার সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। সরকার পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। যুদ্ধাপরাধের বিচারের কথা বলে আমাদের নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। মিথ্যা মামলা দিয়ে রাস্তা থেকে কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এভাবে আন্দোলন দমানো যাবে না।’পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, কেন্দ্রীয় তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক সৈয়দ ওয়াহিদুল আলম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী, সাংসদ মোস্তফা কামাল পাশা, উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াস কাদের চৌধুরী ও সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী এবং নেজামে ইসলামীর নগর শাখার সভাপতি আবদুর রহমান।নিমতলা বিমান চত্বরে গণসংযোগ শেষে নগরের অলংকার মোড়, লালদীঘি জেলা পরিষদ চত্বর এবং মুরাদপুর এলাকায় গণসংযোগ ও পথসভা করেন ১৮ দলীয় জোটের নেতারা।