‘দলে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য আবছারকে খুন করান মোনাফ’
চট্টগ্রামের সাতকানিয়ার নলুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আবছার হত্যার নির্দেশ ও অর্থের জোগানদাতা স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আবদুল মোনাফ। দল ও এলাকায় নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য আবছারকে খুন করার সিদ্ধান্ত নেন তিনি। এ জন্য সহায়তা নেন আবছারের ফুফাতো ভাই ও উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক ওসমান গণির।আবছার হত্যাকাণ্ডে নেতৃত্ব দেওয়া জসিম উদ্দিন ওরফে ডাকাত জসিম এভাবেই হত্যাকাণ্ডের সঙ্গে আবদুল মোনাফ ও ওসমান গণির সংশ্লিষ্টতার কথা আদালতে বর্ণনা করেন। গত শুক্রবার রাতে চট্টগ্রামের বিচারিক হাকিম আবু সালেম মো. নোমানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। এর আগে গত বৃহস্পতিবার নগরের কালুরঘাটের একটি বস্তি থেকে পুলিশ জসিমকে গ্রেপ্তার করে।সাতকানিয়া অঞ্চলের সহকারী পুলিশ সুপার রবিউল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আবছারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের সাতজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা সবাই হত্যার পরিকল্পনাকারী হিসেবে উপজেলা চেয়ারম্যান আবদুল মোনাফের নাম বলেছেন। প্রয়োজন হলে তদন্তের স্বার্থে মোনাফকে গ্রেপ্তার করা হবে।’আদালত সূত্র জানায়, জসিম জবানবন্দিতে বলেছেন, টানা চার বছর জেল খেটে গত ঈদের ১৫ দিন আগে বের হন তিনি। জেল থেকে বের হয়ে তিনি উপজেলা চেয়ারম্যান আবদুল মোনাফের ঘনিষ্ঠ সহযোগী ওসমান গণির কাছে চাকরির জন্য যান। এক দিন জসিম ওসমানের সঙ্গে দেখা করলে তিনি বলেন, নলুয়ার আবছারকে খুন করতে হবে। এটা উপজেলা চেয়ারম্যানের নির্দেশ। জসিম এর পরের দিন ডাকাত শাহ আলমকে সঙ্গে নিয়ে ওসমানের সঙ্গে নগরের আমীন সেন্টারের একটি দোকানে দেখা করেন। এরপর তিনজনই একটি সাদা মাইক্রোবাসে করে মাঝিরঘাট এলাকায় মোনাফের ব্যবসায়িক কার্যালয় এম কে ট্রেডার্সে যান। তখন মোনাফ উপস্থিত ব্যবসায়ীদের বের করে দিয়ে তাঁদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আবছারকে খুন করার জন্য জসিম আট লাখ টাকা দাবি করেন। শেষ পর্যন্ত ছয় লাখ টাকায় সমঝোতা হয়। মোনাফ তাৎক্ষণিকভাবে ওসমানকে দুই লাখ টাকা দিয়ে বলেন, বাকি টাকা খুনের পর দেওয়া হবে।জসিম জবানবন্দিতে বলেন, ওসমান তাঁকে বলেছিলেন যে দল ও এলাকায় নিজের নিয়ন্ত্রণ নিতে হলে আবছারকে সরিয়ে দিতে হবে। এটা উপজেলা চেয়ারম্যানের সিদ্ধান্ত।জবানবন্দিতে জসিম আরও বলেছেন, গত ২৫ ডিসেম্বর রাতে জসিম উদ্দিন ও শাহ আলম তাঁদের চার সহযোগী নিয়ে খাগরিয়া আসেন। সেখানে ডাকাত মাহমুদুল হক, দীল মোহাম্মদ, আবদুল জলিল, ইলিয়াসসহ প্রায় ১২ জনকে জড়ো করেন। এরপর নৌকাযোগে শঙ্খ নদী পার হয়ে নুরুল আবছারের বাড়ি যান। আবছারকে খুন করে নৌকাযোগে শঙ্খ নদী পার হয়ে যে যার মতো চলে যান।ডাকাত মাহমুদুল হক, শাহ আলমসহ সবাইকে ভাড়া করেন জসিম। জেলে থাকাকালে তাঁদের সঙ্গে জসিমের ঘনিষ্ঠতা তৈরি হয়।