'দলে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যাঁরা দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, তাঁদের ছাড় দেওয়া হবে না। আজ সোমবার রাতে গণভবনে যৌথসভায় রুদ্ধদ্বার বৈঠকে তিনি এ হুঁশিয়ারি দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের এমন পাঁচজন নেতার সঙ্গে এ কথা জানা গেছে। তাঁদের দেওয়া তথ্যমতে, সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, সাংসদ তারানা হালিম ও কামাল আহমেদ মজুমদার বক্তব্য দেন।
কাজী আকরাম উদ্দিন আহমেদ সফলভাবে জাপান সফর করে আসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, দেশের ব্যবসা-বাণিজ্যের সুষ্ঠু প্রবাহ রাখতে হলে অবশ্যই শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। এ জন্য প্রধানমন্ত্রীকে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
তারানা হালিম তাঁর বক্তব্যে বলেন, এ সরকারের সাফল্য অনেক। কিন্তু সেগুলো যথাযথভাবে প্রচার হয় না। তাছাড়া তৃণমূলে আওয়ামী লীগকে শক্তিশালী করার ব্যাপারে জোর দেন তিনি।
পরে বক্তব্য দেন কামাল আহমেদ মজুমদার। তিনি তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটি নেই। এ জন্য মহানগরে সাংগঠনিক কার্যক্রম চালাতে অসুবিধা হচ্ছে। এ ব্যাপারে দলীয় সভানেত্রীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
পরে বক্তব্য দেন শেখ হাসিনা। তিনি বলেন, তিল তিল করে গড়ে ওঠা আওয়ামী লীগ কতিপয় মানুষের কাছে জিম্মি হতে পারে না। যারা অন্তর্কোন্দল সৃষ্টি করে সরকার ও আওামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে তাদের ছাড় দেওয়া হবে না। দলটির নেতা-কর্মীদের নির্দেশ দেন—যাঁরা ‘অলওয়েজ গর্ভমেন্ট পার্টি’ তারা যেন কোনোভাবেই দলে না আসতে পারে।
শেখ হাসিনা দলীয় সাংসদের নিজ নিজ এলাকায় গিয়ে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সরকারের সাফল্য প্রচার করতে বলেন। তবে সাফল্য প্রচার করতে গিয়ে কেউ ‘নিজস্ব বলয়’ সৃষ্টির চেষ্টা করলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। এ ছাড়া আগামীকাল শুরু হওয়া বাজেট অধিবেশনে সবার নিয়মিত উপস্থিত থেকে সরকারকে সহযোগিতা করার নির্দেশ দেন তিনি।
নারী সাংসদদের উদ্দেশে হাসিনা বলেন, বিভিন্ন জেলায় মহিলা লীগ, যুব মহিলা লীগের সাংগঠনিক অবস্থা দুর্বল। এ জন্য তিনি একেক জন সাংসদকে দুটি জেলার দায়িত্ব নিতে বলেন।