‘দলের গঠনতন্ত্র সংবিধানের সঙ্গে সংগতিপূর্ণ হতে হবে’
’৭২-এর সংবিধানের ১২ ও ৩৮ অনুচ্ছেদ ফিরে এলে যেকোনো দলকে আইন মেনে রাজনীতি করতে হবে। কোনো দল এ দেশে রাজনীতি করতে ও নির্বাচনে অংশ নিতে চাইলে তার গঠনতন্ত্র ও নাম অবশ্যই সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।গতকাল বৃহস্পতিবার এ কথা বলেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। সংবিধান দিবস উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত ‘৭২-এর সংবিধানের বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় সংশোধনী’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য দিচ্ছিলেন আইনমন্ত্রী।আইনমন্ত্রী বলেন, ’৭২-এর সংবিধানের ১২ ও ৩৮ অনুচ্ছেদ ফিরে এলে যেকোনো দলকে সংবিধান মেনেই রাজনীতি করতে হবে।সংবিধানের ১২ অনুচ্ছেদে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা এবং ৩৮ অনুচ্ছেদে রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের ব্যবহার নিষিদ্ধ হয়েছিল।আইনমন্ত্রী ধর্মভিত্তিক দল থাকা না থাকা নিয়ে সুনির্দিষ্ট অভিমত না দিয়ে বলেন, ‘গঠনতন্ত্র সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হলে তা সংশোধনের জন্য সময় দেওয়া হবে। তাই আমরা বলতে পারছি না যে ’৭২-এর সংবিধান ফিরে এলেই কোনো দল বাতিল হয়ে যাবে। নির্বাচন কমিশনের দায়িত্ব এটা। কমিশনকে আইন মেনেই চলতে হবে।’সংবিধান সংশোধনের সময় রাষ্ট্রদ্রোহিতা, মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা—এসব বিষয়ের সংজ্ঞা দেওয়া দরকার বলে মত দেন স্বাধীনতার ঘোষণাপত্রের রচয়িতা আমীর-উল ইসলাম। বিচারপতি গোলাম রাব্বানী সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির, হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজের সভাপতি অজয় রায় প্রমুখ।