'দলের বিপক্ষে কাজ করলে কঠোর ব্যবস্থা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের মধ্যে মতভিন্নতা থাকতে পারে। কিন্তু নির্বাচনে সব বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। যদি কারও বিরুদ্ধে দল ও দলীয় প্রতীকের বিপক্ষে কাজ করার কোনো অভিযোগ পাওয়া যায়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। কারণ, এটি দলীয় নির্বাচন।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী গতকাল সোমবার বান্দরবানে এসে দলের বিবদমান সব পক্ষকে ডেকে এ হুঁশিয়ারি দেন।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রশিদ বলেন, তিন পার্বত্য জেলার পৌরসভা নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিএনপির গঠিত মনিটরিং সেলের আহ্বায়ক রুহুল আলম চৌধুরী গতকাল বান্দরবানে আসেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান শামীম।
রুহুল আলম চৌধুরী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালান। পরে তিনি জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে দলের বিবদমান পক্ষগুলোকে নিয়ে বেঠক করেন। বৈঠকে জেরি-আজিজ পক্ষের জেলা বিএনপির সভাপতি সাচিংপ্রু জেরি ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান; মেয়র পদপ্রার্থী ও বর্তমান মেয়র জাবেদ রেজার পক্ষের জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল মাবুদসহ উভয় পক্ষের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
তবে দলের মেয়র পদপ্রার্থী জাবেদ রেজাকে বৈঠকে দেখা যায়নি। দলীয় সূত্র জানায়, তিনি নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকার কারণে বৈঠকে যোগ দেননি।
বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান শামীম বলেন, রুহুল আলম চৌধুরীর নেতৃত্বে মনিটরিং সেলের সদস্যরা মঙ্গলবার (আজ) বান্দরবানের লামায় যাবেন। সেখান থেকে তাঁরা রাঙামাটি ও খাগড়াছড়ি যাবেন।