‘দশে মিলি করি বাঁধ রক্ষা করি গ্রাম আজ’
এবার গ্রামবাসী একতাবদ্ধ হয়ে নিজেরাই নেমে পড়ল নদের ভাঙন ঠেকাতে। বাড়ি বাড়ি গিয়ে অর্থ সংগ্রহ করে নিজের গ্রাম রক্ষা করতে বাঁশের পাইলিং দিয়ে নিজেরাই বাঁধের কাজ শুরু করেছে। এমন উদ্যোগ নিয়েছে রংপুরের সদর উপজেলার তামপাট ইউনিয়নের লক্ষ্মণপাড়া গ্রামের মানুষ।ইতিমধ্যেই এ এলাকার অনেক আবাদি জমি, বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। জেলা শহর থেকে মাত্র আট কিলোমিটার দূরে ঢাকা-রংপুর মহাসড়কের দমদমা সেতুর পাশে অবস্থিত লক্ষ্মণপাড়া গ্রাম। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ঘাঘট নদ। এই নদ প্রতিবছরই ভাঙছে। ভাঙতে ভাঙতে নদীর গতিপথ পরিবর্তিত হয়ে উত্তর দিকে ধেয়ে পুরো গ্রাম গ্রাস করার উপক্রম হয়েছে। এমন অবস্থায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়। সরেজমিনে দেখা গেছে, ঘাঘট নদে পলি পড়ে গতি পরিবর্তিত হয়ে মূল স্রোতধারা থেকে উত্তর দিকে সরে যাচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু আবাদি জমি নদীগর্ভে বিলীনও হয়েছে। ভাঙন ধেয়ে চলেছে গ্রামের দিকে। সামনের বর্ষা মৌসুমে এই ভাঙন আরও তীব্র হওয়ার আশঙ্কায় গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়েছে। গ্রামবাসীর অভিযোগ, বিভিন্ন সময় এলাকার সাংসদ ও সরকারি পর্যায়ে কর্মকর্তারা এলাকা পরিদর্শন করে আশ্বাস দিয়ে গেছেন। নির্বাচনের আগেও রংপুর-৩ (সদর) আসনের সাংসদ রওশন এরশাদ ভাঙন প্রতিরোধের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তিন বছর পেরিয়ে গেলেও এর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। লক্ষ্মণপাড়া গ্রামে প্রায় আড়াই শ পরিবারের বাস। আবাদি জমি রয়েছে কয়েক হাজার একর। গ্রামের বাসিন্দা আবুল কাশেম বলেন, ‘ইতিমধ্যে ১০০ একরের বেশি আবাদি জমি খায়া ফেলাইছে। এবার গ্রামবাসী নদীর গতিপথ ঠিক রাখার জন্যে নদী পুনর্খনন করা শুরু করছে। বাঁধ দেওয়া শুরু করছে।’ এ ব্যাপারে তামপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আলী বলেন, ‘নদীর ভাঙন থেকে রক্ষা পেতে উপজেলা প্রশাসনের দপ্তরে ধর্ণা দিতে দিতে হয়রান হয়ে পড়েছি।’ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান বলেন, ভাঙন থেকে গ্রাম রক্ষা করতে বাঁধ দেওয়া খুবই জরুরি হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। তাঁরা দেখবেন দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। পাউবো রংপুরের নির্বাহী প্রকৌশলী আবদুস শহীদ জানান, ওই এলাকার ভাঙনরোধে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। তবে কবে নাগাদ কাজ শুরু করা হবে তা তিনি জানাতে পারেননি।