‘দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ’
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের চৌদস্ত পূর্বহাটি গ্রামবাসীর উদ্যোগে ২৫৫ ফুট দীর্ঘ একটি সাঁকো তৈরি করা হয়েছে। বাঁশের এই সাঁকোটির প্রস্থ ছয় ফুট।অষ্টগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেবাস্তিন রেমা বলেন, স্থানীয় লোকজনের উদ্যোগে সাঁকো তৈরি হওয়ায় তিনি খুবই খুশি। ‘দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ’ এর বাস্তব উদাহরণ হলো এই সাঁকো।এলাকাবাসী জানায়, ওই গ্রামের ১০০ গজ পশ্চিমে চৌদস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এক মাইল পশ্চিমে মোহনতলা উচ্চবিদ্যালয়। এই দুটি স্কুলে শুকনো মৌসুমে পায়ে হেঁটে ও বর্ষা মৌসুমে ছোট ছোট নৌকায় করে যাওয়া ছাড়া অন্য কোনো মাধ্যম নেই।বর্ষা মৌসুমে শিক্ষার্থীরা মাথাপিছু ৪০ কেজি ধান দিয়ে একটি নির্দিষ্ট নৌকা ভাড়া করে পার হতো। প্রচণ্ড বাতাস ও বৃষ্টির দিনে ছোট ছেলেমেয়েদের বিদ্যালয়ে যাওয়া-আসার সময় পড়তে হতো নানা ভোগান্তিতে।এ বছর যারা প্রাথমিক বিদ্যালয়ে পড়ে এবং যাদের পরিবারে কোনো ছাত্র নেই তারাও মাথাপিছু ২৭০ টাকা করে, আর যারা উচ্চবিদ্যালয়ে পড়ে তাদের মাথাপিছু ৩৫০ টাকা করে চাঁদা তুলে প্রায় ৩৮ হাজার টাকা খরচ করে নির্মাণ করা হয়েছে ছাত্রছাত্রীদের স্বপ্নের সাঁকোটি। ফলে গ্রামবাসীসহ সবাই এখন নির্বিঘ্নে চলাফেরা করতে পারছে। কোমলমতি শিশুরাও তাদের দুর্ভোগ শেষ হওয়ায় সাঁকোটি পেয়ে দারুণ আনন্দিত। চৌদস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী রুনা দাসসহ একাধিক শিক্ষার্থী বলে, সাঁকো পেয়ে তারা খুবই খুশি। তাদের আর জীবনের ঝুঁকি নিয়ে ছোট নৌকায় উঠতে হবে না।আদমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান মো. ফজলুল করিম বলেন, স্থানীয় লোকজনের ব্যতিক্রমী উদ্যোগে সাঁকোটি তৈরি হওয়ায় তিনি খুব আনন্দিত। ভবিষ্যতে সাঁকোটি তিনি বেইলি সেতুতে রূপান্তরের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।