ছিটমহল বিনিময়ের জন্য সুনির্দিষ্ট তারিখ ঘোষণা এবং নাগরিকত্বের দাবিতে ১০ দিনের কর্মসূচির অংশ হিসেবে নবম দিনে গতকাল শনিবার ১৬২টি ছিটমহলে মশাল মিছিল করেন ছিটমহলবাসী। পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাটের অভ্যন্তরে ভারতীয় ১১১টি এবং ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়ির অভ্যন্তরে বাংলাদেশি ৫১টি ছিটমহলে এ কর্মসূচি পালন করা হয়।‘আমাদের আন্দোলন, অবরুদ্ধ জীবন থেকে মুক্তির আন্দোলন; অনেক হয়েছে মিথ্যাচার—এবার চাই মানবাধিকার; দাও নাগরিকত্ব, নয় মৃত্যু; চুক্তি আর কাগজে নয়—বাস্তবায়ন দেখতে চাই’। এভাবে স্ল্লোগানে স্লোগানে গতকাল সন্ধ্যায় মুখরিত হয়ে ওঠে ছিটমহলগুলো।আজ রোববার সব ছিটমহলে বিক্ষোভ মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে টানা ১০ দিনের আন্দোলন কর্মসূচি। ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির আহ্বানে গত ২৩ সেপ্টেম্বর থেকে এ কর্মসূচি শুরু হয়।কুড়িগ্রামের ফুলবাড়ীর অভ্যন্তরের দাশিয়ারছড়া ছিটমহলে গতকাল সন্ধ্যা ছয়টায় মশাল মিছিল উদ্বোধনের আগে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির দাশিয়ারছড়া শাখার সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন প্রমুখ। লালমনিরহাটের বাঁশপেচাই ছিটমহলে এ কর্মসূচির উদ্বোধন করেন ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সভাপতি ও ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মইনুল হক ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। এখানে সভাপতিত্ব করেন ওই ছিটমহলের সভাপতি রমজান আলী। নীলফামারীর কোটভাজনী ছিটে আলতাফুর রহমান, ভূরুঙ্গামারীর গাওচুলকায় মতিয়ার রহমান, সাহেবগঞ্জে হাসেন আলী ও সেউটিকুরশা ছিটমহলে তারা মিয়া মশাল মিছিলের নেতৃত্ব দেন।পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শালবাড়ী ছিটমহলে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সদস্য ও শালবাড়ী ছিটমহলের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম দিনবাজার এলাকায় মশাল মিছিলের উদ্বোধন করেন। মশাল মিছিলটি ছিটমহলের বিভিন্ন এলাকা পরিদর্শন করে এবং দিনবাজারে গিয়ে শেষ হয়। এ সময় কয়েক হাজার যুবক, কিশোর, বৃদ্ধ অংশ নেন। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে ছিটমহলবাসী জানান, তাঁদের দাবি ২ অক্টোবরের মধ্যে পূরণ না হলে পরবর্তী সময়ে কঠোর আন্দোলন করা হবে। এতে যদি তাঁদের মৃত্যু হয়, তা-ও তাঁরা বরণ করে নেবেন।গতকাল কোচবিহার সদরে মশাল মিছিল বের করে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি। সন্ধ্যায় কোচবিহার শহরের স্টেশন চৌপথি থেকে এই মশাল মিছিল বের হয়ে শহরের সাগরদীঘি ঘুরে শেষ হয় স্টেশন চৌপথিতে। এই মশাল মিছিলের নেতৃত্ব দেন সাবেক বিধায়ক সৌমেন দাস, ছিটমহল সমন্বয় কমিটির নেতা দীপ্তিমান সেনগুপ্ত প্রমুখ।ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সহসম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত প্রথম আলোকে বলেছেন, গতকালের এই মশাল মিছিলের প্রতি একাত্মতা ঘোষণা করেছে এলাকার সাধারণ মানুষও।