'দাওয়াতে বরফ গলতে শুরু করেছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ
অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে পিঠা উৎসবে দাওয়াতের মধ্য দিয়ে বরফ গলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন আন্দোলনরত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এ দাওয়াত থেকে ভালো কিছু হতে পারে বলে আশা শিক্ষার্থীদেরও।
নতুন বেতনকাঠামোতে সিলেকশন গ্রেড বহাল ও বেতন গ্রেডের সমস্যা নিরসনের দাবিতে ১১ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। এ আন্দোলন চলা অবস্থাতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার বিকেলে শিক্ষক নেতাদের গণভবনে পিঠা উৎসবে দাওয়াত দিয়েছেন। উৎসবে শিক্ষকদের দাবির বিষয়ে আলোচনা হবে কি হবে না, এ নিয়ে এক ধরনের আলোচনা চলছে।
এ ব্যাপারে জানতে চাইলে আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা ধরছি না যে এ ব্যাপারে আলাপ হবে। তবে প্রধানমন্ত্রী জানতে চাইলে আমরা সব সময় বলতে প্রস্তুত। এই দাওয়াতের মাধ্যমে বরফ গলতে শুরু করেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে না পারলেও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে যেভাবে কাজ চলছে, আশা করছি দ্রুতই সমস্যার সমাধান হবে।’ তাহলে শিক্ষকেরা দাবি-দাওয়া থেকে পিছিয়ে আসছেন কি না?—জানতে চাইলে এই শিক্ষক নেতা বলেন, ‘দাবি-দাওয়া থেকে পিছিয়ে আসা নয়। হয়তো পথ ভিন্ন হতে পারে।’

ফেডারেশনের পক্ষ থেকে গতকাল রোববার সন্ধ্যায় শিক্ষাসচিব সোহরাব হোসাইনের কাছে দেওয়া প্রস্তাবে বলা হয়েছে, সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মোট অধ্যাপকের মধ্য থেকে ৫ শতাংশকে ডিস্টিঙ্গুইশড (বিশিষ্ট) অধ্যাপক করতে হবে। এই পদের মূল বেতন হবে জ্যেষ্ঠ সচিবের সমান। একই সঙ্গে আগের মতো মোট অধ্যাপকদের মধ্য থেকে ২৫ শতাংশকে গ্রেড-১ করারও প্রস্তাব দিয়েছেন তাঁরা। একই সঙ্গে শিক্ষক নেতারা জানিয়ে দিয়েছেন, দাবি পূরণের আগে আন্দোলন থেকে সরবেন না তাঁরা।

প্রস্তাব পাওয়ার কথা জানিয়ে শিক্ষাসচিব সোহরাব হোসাইন প্রথম আলোকে বলেন, সবাই মিলেমিশে সমাধানের চেষ্টা চলছে, যাতে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত না হয় এবং শিক্ষকদের মর্যাদাও অক্ষুণ্ন থাকে।

আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, ক্যাম্পাসে শিক্ষার্থীদের আড্ডায় আজ ঘুরেফিরে আসছে আন্দোলনরত শিক্ষকদের গণভবনে দাওয়াত পাওয়ার বিষয়টি। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন শিক্ষার্থী। এক শিক্ষার্থী বললেন, ‘আজ বিকেলেই আন্দোলন স্থগিতের ঘোষণা আসতে পারে।’ অপর ছাত্র বিরোধিতা করে বললেন, ‘আরে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই সমাধান হয়ে যাবে, এমন কোনো নিশ্চয়তা আছে নাকি?’ তবে এক আশাবাদী শিক্ষার্থীর আশা, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে যেহেতু শিক্ষকেরা বসছেন, সিদ্ধান্ত তো একটা আসবেই।’

ইতিবাচক খবরের আশা করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক নেতারাও। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পাশে আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান ধর্মঘট পালনের পর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রেজাউল করিম সাংবাদিকদের বলেন, ‘শিক্ষক নেতাদের যেহেতু গণভবনে পিঠা উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে, আমরা আশা করছি সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের আলোচনা হবে। সেই আলোচনা থেকে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে আমরা আশাবাদী।’