চট্টগ্রামে ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় গ্রেপ্তার ৫
‘দানবীর’ বদিউল চুরির টাকা দিয়ে চালান এতিমখানা!
চট্টগ্রামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যালয়ে চুরির ঘটনায় পুলিশ গত মঙ্গলবার পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে সোয়া ১২ লাখ ১০ হাজার টাকার নোট উদ্ধার ও একটি ব্যক্তিগত গাড়ি জব্দ করা হয়।পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার দিনভর নগর ও জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার ও টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া পাঁচজন হলেন চন্দনাইশের বদিউল আলম ওরফে নাছির ও আবদুল আজিজ, ফেনীর সোনাগাজীর বিপ্লব, কুমিল্লার চৌদ্দগ্রামের মো. জামাল ও লক্ষ্মীপুরের উত্তর চন্দ্রপুরের মো. আলমগীর। পুলিশ দাবি করছে, এই পাঁচজনের মধ্যে বদিউল চোরের সর্দার। তিনি গ্রামের বাড়ি দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি এলাকায় ‘দানবীর’ হিসেবে পরিচিত।গত ৩১ মে রাতে চট্টগ্রাম নগরের গোলপাহাড় এলাকায় মিশমাক গ্রুপের কার্যালয়ের গ্রিল কেটে চোর ঢোকে। পরে সিসিটিভির ক্যামেরা অকার্যকর করে চোরেরা কার্যালয় থেকে সাড়ে ২৩ লাখ টাকা চুরি করে। পরদিন ১ জুন সকালে ঘটনাটি জানাজানি হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে চোরদের আঙুলের ছাপ নেন।পুলিশ সূত্র জানায়, হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. বাবুল আকতারের নেতৃত্বে একদল পুলিশ ব্যাপক তদন্ত করে চোরদের চিহ্নিত করে। এরপর তিনি নগর পুলিশের সহযোগিতায় নগর ও জেলায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেন। অভিযানে অংশ নেওয়া উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া চার চোর ইতিপূর্বে আরও কয়েকবার গ্রেপ্তার হয়েছিল। অন্যজন ঢাকায় রেলভবনে চুরির সঙ্গে জড়িত ছিল।দানবীর বদিউল: পুলিশ সূত্র জানায়, বদিউল মিশমাক কার্যালয়ে চুরির অর্থ থেকে পাঁচ লাখ ৮০ হাজার টাকা ভাগ পান। তিনি চুরির ৭০ হাজার টাকা স্থানীয় দুটি মসজিদ ও দুটি মাদ্রাসায় দান করেন। চুরির টাকা দিয়ে তিনি স্থানীয় এতিমখানার খরচের আংশিক জোগান দেন।বদিউল গতকাল পুলিশ কমিশনারের কার্যালয়ে প্রথম আলোকে বলেন, ‘সাত-আট বছর আগে আমি চুরিকে পেশা হিসেবে বেছে নিই। চুরির অর্থের একটি বিশাল অংশ দিয়ে আমি এলাকায় মসজিদ বানিয়েছি। এ ছাড়া তিনটি মসজিদ, তিনটি মাদ্রাসা ও দু-তিনটি এতিমখানায় আমি খরচ চালিয়ে আসছিলাম। এলাকার গরিব মানুষের বিয়ের খরচও আমি দিই। এ কারণে এলাকার লোকজন আমাকে খুব পছন্দ করে। চুরি করলেও আমি এক ওয়াক্ত নামাজ পড়া বাদ দিইনি।’বদিউল বলেন, ‘মিশমাক কার্যালয় চুরির পরিকল্পনা আড়াই মাস আগে নেওয়া হয়। চুরি করা যে পাপ, সেটা আমি আগে জানতাম না। এখন বুঝতে পারছি।’ তিনি স্বীকার করেন, চুরির অভিযোগে আগেও তিনি পাঁচ-ছয়বার গ্রেপ্তার হয়েছিলেন।এসআই মোহাম্মদ মহসীন বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বদিউল নিজের পছন্দের প্রার্থী দিয়েছেন। ওই প্রার্থীর পক্ষে গণসংযোগও করেন তিনি। মিশমাক গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, জেলা ও নগর পুলিশের কর্মকর্তারা সমন্বয় করে কাজ করায় দ্রুত চুরির ঘটনা উদ্ঘাটন ও চুরির আংশিক টাকা উদ্ধার হয়েছে।