'দাম কম, মাঠে পড়ে আছে ১২ লাখ মেট্রিক টনলবণ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি মৌসুমে কক্সবাজারে লবণ উৎপাদিত হয়েছে প্রায় ১৭ লাখ ৬৭ হাজার মেট্রিক টন। এর মধ্যে সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন লবণ বিক্রি হলেও দাম কমিয়ে দেওয়ায় ১২ লাখ মেট্রিক টন লবণ মাঠে পড়ে রয়েছে। এতে এক লাখ চাষি-পরিবার চরম দুঃখ-দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে।

গতকাল সোমবার কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কক্সবাজার লবণ শিল্প বাঁচাও আন্দোলন কমিটির সভাপতি আবদুল কাদের এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ লবণ চাষি কল্যাণ পরিষদের সভাপতি মোস্তফা কামাল, বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সহসভাপতি নুরুল আবছার, লবণ মিল মালিক অছিউর রহমান, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। কক্সবাজার লবণ শিল্প বাঁচাও আন্দোলন ও সুজনের যৌথ উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আবদুল কাদের বলেন, চলতি মৌসুমে জাতীয় চাহিদার অতিরিক্ত দুই লাখ ৬৭ হাজার মেট্রিক টন লবণ উদ্বৃত্ত থাকবে। গত মৌসুমে উৎপাদিত লবণ জমা আছে দুই লাখ মেট্রিক টন। তার পরও একটি প্রভাবশালী মহল দেশে লবণের ঘাটতি দেখিয়ে বিদেশ থেকে কয়েক লাখ মেট্রিক টন লবণ আনার চক্রান্ত করছে। সরকার যদি লবণ আনার অনুমতি দেয়, তা হলে চাষিদের নিয়ে কঠোর আন্দোলন করা হবে।

সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি উত্থাপন করা হয়।