
‘জন্মের অভ্যর্থনা এখানে গম্ভীর, নিরুৎসব, বিষণ্ন। জীবনের স্বাদ এখানে শুধু ক্ষুধা ও পিপাসায়, কাম ও মমতায়, স্বার্থ ও সংকীর্ণতায়। ঈশ্বর থাকেন ওই গ্রামে, ভদ্রপল্লীতে। এখানে তাঁহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না।’
মানিক বন্দ্যোপাধ্যায় তাঁর কালজয়ী উপন্যাস পদ্মা নদীর মাঝিতে পদ্মা নদীর তীরবর্তী কেতুপুরসংলগ্ন জেলেপাড়ার মানুষের জীবনচিত্র এঁকেছেন ঠিক এভাবে।
ভৈরব নদের তীরের মালোপাড়া (জেলে সম্প্রদায়ের বাস) যেন সেই পদ্মা নদীর মাঝির বাস্তব রূপ। গাদাগাদি করে গড়ে ওঠা কুঁড়েঘর, একচিলতে পায়ে চলার পথ, কালবৈশাখীর নির্মম ছোবল, শীতের নির্দয় কামড়, রোগশোক আর সর্বগ্রাসী দারিদ্র্যই মালোপাড়াবাসীর অমোচনীয় বিধিলিপি।
কিন্তু হঠাৎ বদলে গেছে যশোরের অভয়নগর উপজেলার চাঁপাতলা গ্রামের মালোপাড়ার দৃশ্যপট। চলছে যশোর-খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়া থেকে মালোপাড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা পাকাকরণের কাজ। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ বৈদ্যুতিক সঞ্চালন লাইনের কাজ শেষ। অপেক্ষা কেবল বৈদ্যুতিক সংযোগের। নির্মাণ-প্রক্রিয়ায় আছে একটি প্রাথমিক বিদ্যালয়ও। ভাঙচুর ও আগুনে ক্ষতিগ্রস্ত মালোপাড়ার পাঁচটি টিনের ঘরের জায়গায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তত্ত্বাবধানে তৈরি করা হচ্ছে আধা পাকা পাঁচটি ঘর। নির্মাণের প্রক্রিয়াধীন আছে আরও ৬০টি ঘর। মালোপাড়াবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য মাত্র এক কিলোমিটারের ব্যবধানে স্থাপন করা হয়েছে দুটি পুলিশ ক্যাম্প।
৫ জানুয়ারির নির্বাচনের দিন সহিংসতার শিকার হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই মালোপাড়া পরিদর্শনে আসছেন প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। আসছেন সরকারের মন্ত্রীরা। আগামীকাল বৃহস্পতিবার আসছেন স্বয়ং প্রধানমন্ত্রী।

আসছে ত্রাণ—চাল, ডাল, তেল, শাড়ি, লুঙ্গি, চাদর, কম্বল, বাচ্চাদের গরম পোশাক, মশারি, টিন, হাঁড়ি-পাতিল, মাছ ধরার জাল। মিলছে বিনা মূল্যে চিকিৎসাসেবা। প্রতিদিনই আসছেন বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, নাগরিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। তাঁদের কণ্ঠে অভয়বাণী।
কিন্তু গত এক সপ্তাহ বারবার সরেজমিনে গিয়ে মালোপাড়াবাসীর সঙ্গে আলাপ করে বোঝা গেছে, ভয় কাটেনি তাঁদের। আঘাত, হামলা, বাড়িঘর ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের পথ বেয়ে অপ্রত্যাশিত উন্নয়নের জোয়ার এসে ঠেকেছে মালোপাড়ায়। কিন্তু তা এখনই মনের গহীনের ভয়কে একেবারে ধুয়েমুছে দিতে পারেনি।
মালোপাড়ার দুলাল বিশ্বাসের মেয়ে অনিতা বিশ্বাস একে ‘দাম দিয়ে কেনা উন্নয়ন’ বললেন। দুলাল বিশ্বাসের চার মেয়ে ও এক ছেলের সবাই লেখাপাড়া করে। বড় মেয়ে অনিতা খুলনার বিএল কলেজের রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী। মেজো মেয়ে মঙ্গলী এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী, নিপা একাদশ, দুর্জয় দশম ও নিতু পঞ্চম শ্রেণীতে পড়ছে।
অনিতা বলেন, হামলার দিন তাঁরা গ্রাম ছেড়ে গিয়েছিলেন। পরের দিন মালোপাড়ায় ফিরে আসার পর এক দিনের জন্যও তিনি এবং তাঁর ভাই ও বোনেরা পাড়ার বাইরে যাননি। আসছে ফেব্রুয়ারিতে তাঁর পরীক্ষা। কলেজে যাওয়া দরকার। কিন্তু পাড়া থেকে বেরোনোর কথা ভাবলেই ভয়ে বুক ধড়ফড় করে।
অনিতার সঙ্গে সর্বশেষ গত রোববার দুপুরে যখন কথা হয়, তখন তিনি ইউনিসেফের জাস্টিস ফর চিলড্রেন প্রকল্পের জন্য পাড়ার শিশুদের নামের একটি তালিকা করছিলেন। পড়াশোনার পাশাপাশি পাড়ার মন্দির-পাঠশালায় শিক্ষকতা করেন অনিতা। তাই মালোপাড়ার ১৮০ জন শিশুর সবাই তাঁর পরিচিত। তিনি জানান, এবার মালোপাড়ার ১২ জন ছেলেমেয়ে এসএসসি পরীক্ষা দেবে।
অনিতা বলেন, ‘৫ জানুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত দুই দফা হামলা হলো পাড়ায়। পাড়ার ছোট ছেলেমেয়েদের অনেকেই এসে আশ্রয় নিয়েছিল আমাদের বাড়িতে। সারাটা দিন কেটেছে ভয়ের মধ্যে। সর্বশেষ হামলার সময় ভৈরব পাড়ি দিয়ে অপর পারের দেয়াপাড়া গ্রামের পালপাড়ার পূজামণ্ডপে আশ্রয় নিয়েছিলাম।’
দেয়াপাড়া শ্রীধরপুর ইউনিয়নের একটি গ্রাম। ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান ওরফে বাপ্পী এবং ১ নম্বর ওয়ার্ডের মেম্বার আহসান হাবিব ওরফে বিপু তাঁদের ইঞ্জিনচালিত নৌকায় নদ পার করা এবং পরে রাতের ও সকালের খাবারের ব্যবস্থা করেছিলেন।
হাবিবুর রহমান বলেন, ‘তাৎক্ষণিকভাবে ওদের পাশে না দাঁড়ালে ভয়ে ও আতঙ্কে নদের পানিতে ডুবেই অনেক শিশু মারা যেত।’
৬ জানুয়ারি দুপুরে ভাতের জন্য মায়ের কোলে বসে কেঁদেছিল শিশু বিপাশা বর্মণ। সেই সঙ্গে কেঁদেছিলেন মা সঞ্চিতা বর্মণও। প্রথম আলোতে ৭ জানুয়ারি সেই ছবি ছাপা হয়েছিল। গতকাল মঙ্গলবার সকালে তাদের বাড়িতে গিয়ে দেখা গেছে, বিপাশা খেলছিল ছোট কয়েকজন ছেলেমেয়ের সঙ্গে। খুশি মা সঞ্চিতাও।
সঞ্চিতা বলেন, ‘ভাঙ্গা টালির ঘরের বদলে পাকা ঘর পাচ্ছি, এটা তো খুশির কথা। কিন্তু ভয় তো যায় না। এখনো ঘুমের মধ্যে আঁতকে ওঠে বিপাশা।’
৫ জানুয়ারির আক্রমণের সময় এই পরিবারটি গ্রাম ছেড়ে যায়নি। চোখের সামনে তাণ্ডব দেখেছে সাড়ে চার বছরের বিপাশা। বিপাশার বাবা প্রহ্লাদ একজন বর্গাচাষি। প্রহ্লাদ বলেন, ‘জমিতে ধান রোয়ার সময় চলে যাচ্ছে। কিন্তু মাঠে যেতে সাহস পাই না।’
মালোপাড়ার আওয়ামী লীগের নেতা বিশ্বজিৎ সরকারের মেয়ে প্রিয়া সরকার বলেন, ‘সব উন্নয়ন নিয়ে যান, আমাদের ৫ জানুয়ারির আগের দিনগুলো ফিরিয়ে দেন।’ প্রিয়া আরও বলেন, ‘কলেজ থেকে ফিরতে কোনো দিন দেরি হয়ে গেলে পাশের গ্রামের কাকা-চাচাদের কাউকে পথে পেলে স্বস্তি পেতাম। মনে হতো, আমি তো একজন মুরব্বি পেয়ে গেলাম। এখন কি আর আগের মতো ফিরতে পারব?’
বিজিবির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিচালক (লজিস্টিক) লে. কর্নেল মো. মোস্তাফিজুর রহমানের সঙ্গে এ নিয়ে আলাপ হলো রোববার দুপুরে। তিনি বলেন, মানুষের মনের ভয় কাটিয়ে দেওয়া তো এক দিনের কাজ নয়। এর জন্য সবার সম্মিলিত উদ্যোগ দরকার হবে। আপাতত ক্ষতিগ্রস্ত ৬৫টি পরিবারের প্রতিটিকে তিন লাখ টাকা ব্যয়ে ২০ ফুট বাই ২০ ফুট ঘর নির্মাণ করে দেওয়া হবে। প্রাথমিকভাবে আটটি ঘর নির্মাণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী আসার আগেই পাঁচটির কাজ শেষ করা হবে।
অভয়নগর উপজেলা প্রকৌশলী মো. সামসুর রহমান বলেন, ‘আপাতত সড়কটির এক হাজার ৫০০ মিটারের মধ্যে ৫০০ মিটারের কাজ দ্রুত শেষ করা হচ্ছে। বাকিটা পরে করা হবে।’
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ নওয়াপাড়া অঞ্চলের উপমহাব্যবস্থাপক মো. শাহজাহান কবির বলেন, ‘১ দশমিক ৮ কিলোমিটার সঞ্চালন লাইনের কাজ একেবারেই শেষ পর্যায়ে। প্রধানমন্ত্রী আসার আগেই বিদ্যুতের সংযোগ দেওয়া হবে।’
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন বলেন, ‘মালোপাড়াবাসীর নিরাপত্তার জন্য এক কিলোমিটারের মধ্যে দুটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। ক্যাম্প দুটিতে মোতায়েন আছে ৭৫ জন পুলিশ।’
যশোরের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান বলেন, উপজেলা প্রশাসনের উদ্যোগে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের ৩০ জনকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি পারস্পরিক দূরত্ব ঘোচাতে কাজ করছে।