'দায়িত্বহীন আচরণ' করেছেন ২৩ বিবৃতিদাতা
বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে বিবৃতিদাতাদের ২৩ জনের বিরুদ্ধে আনা আদালত অবমাননার বিষয়ে আদেশ ১০ জুন। আজ বৃহস্পতিবার এই ২৩ জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ শুনানি শেষ হয়।
এই ২৩ জন হলেন: জাফরুল্লাহ চৌধুরী, আফসান চৌধুরী, আনু মুহাম্মদ, মাসুদ খান, শিরীন হক, আলী আহমেদ জিয়াউদ্দিন, রেহনুমা আহমেদ, ফরিদা আখতার, শহীদুল আলম, সি আর আবরার, জিয়াউর রহমান, হানা শামস আহমেদ, আনুশেহ আনাদিল, মুক্তশ্রী চাকমা, লুবনা মরিয়ম, বিনা ডি কস্তা, মাহমুদ রহমান, জারিনা নাহার কবির, লিসা গাজী, শবনম নাদিয়া, নাসরিন সিরাজ, টিবরা আলী এবং দেলওয়ার হোসেন। তাঁদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আখতার ইমাম এবং আইনজীবী মো. আসাদুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন তুরিন আফরোজ।
শুনানির সময় ট্রাইব্যুনাল বলেন, বার্গম্যানের সাজার বিষয়ে এই বিবৃতি দেওয়ার ক্ষেত্রে বিবৃতিদাতারা ‘দায়িত্বহীন আচরণ’ করেছেন। বাংলা ও ইংরেজি দুটি ভাষায় এ বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়েছে। কে কোন ভার্সন পড়ে সম্মতি দিয়েছেন আর কে ইংরেজি থেকে অনুবাদ করেছেন তা তাঁরা নিশ্চিত করে বলতে পারেননি।
মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়া নিয়ে অবমাননাকর মন্তব্য করার দায়ে ডেভিড বার্গম্যানকে গত ২ ডিসেম্বর কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচার কার্যক্রম চলাকালে তিনি কারাদণ্ড হিসেবে এজলাসে এই সাজা ভোগ করেন। একই সঙ্গে বার্গম্যানকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
আদালত অবমাননার দায়ে সাজাপ্রাপ্ত নিউ এজ পত্রিকার বিশেষ প্রতিবেদনের সম্পাদক বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে দেশের ৫০ নাগরিক গত বছরের ১৮ ডিসেম্বর বিবৃতি দেন। পরে অবশ্য মানবাধিকারকর্মী খুশী কবির বিবৃতি থেকে তাঁর নাম প্রত্যাহার করে নেন। ১৪ জানুয়ারি ট্রাইব্যুনাল ৪৯ বিবৃতিদাতার কাছে তাঁদের বিবৃতির বিষয়ে ব্যাখ্যা চান। পরে বিবৃতির জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ায় ২৬ বিবৃতিদাতাকে অভিযোগ থেকে অব্যাহতি দেন ট্রাইব্যুনাল।
গত ১ এপ্রিল ওই ২৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল আদালত অবমাননার রুল দেন। ট্রাইব্যুনালস আইনের ১১ (৪) ধারায় আদালত অবমাননার দায়ে অভিযোগ প্রমাণ হলে অভিযুক্ত সর্বোচ্চ এক বছর কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।